২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা

চাঁদপুরে কথিত বিএনপির বিদ্রোহী প্রার্থী ড. জালাল উদ্দিনের গাড়ি বহর ও সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

চাঁদপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে কথিত বিএনপির বিদ্রোহী প্রার্থী ড. জালাল উদ্দিনের গাড়ি বহর ও সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুর-২ আসনে (মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়ন ব্যতীত) বিএনপির মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী ড. জালাল উদ্দিন শুক্রবার সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলায় গণসংযোগে গেলে ওই আসনে বিএনপি প্রার্থী নুরুল হুদার সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেছেন। তবে এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করেও নুরুল হুদার সঙ্গে কথা বলা যায়নি। মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, সন্ধ্যায় ড. জালাল তার সমর্থকদের নিয়ে উপজেলা সদরের ম্যাক্সি স্ট্যান্ড এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় একই আসনের বিএনপির প্রার্থী নূরুল হুদার সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। তারা ড. জালালের দুটি মাইক্রোবাস ভাঙচুর (ঢাকা মেট্রো-চ-০২-২০০০৮ ও চাঁদপুর মেট্রো-চ-০২-০০০৯) করে। হামলায় ড. জালালের ৪/৫ জন সমর্থক সামান্য আহত হয়েছেন বলেও জানান উপ-পরিদর্শক মুজাহিদুল ইসলাম। রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব এলাকার একটি বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে দাবি করেন- হামলায় তার ১০ সমর্থক আহত হয়েছেন। একজন সমর্থককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহতরা হলেন- শফিক (৩০), ইসমাইল (১৮), হাসান (১৭), মোসলেউদ্দিন (২৪), সোহেল (১৯), সুমন (২৩), এনামুল (১৯) ও মিসেস বাবুল (৩১)। এদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন আছেন বলে জানান ড. জালাল। তিনি জানান, এ ঘটনায় নুরুল হুদাসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তিনি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.