মানিকগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ষড়যন্ত্র এখনই শেষ গেছে এটা মনে করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেন, "জরুরি অবস্থার মধ্যে মানুষের মৌলিক ও ভোটের অধিকার থাকে না। আমাদের দাবির প্রেক্ষিতেই সরকার জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। জনগণ এখন নিশ্চিন্ত মনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।"
শুক্রবার দুপুরে মানিকগঞ্জে নিজ নির্বাচনী এলাকা শিবালয় উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে দেলোয়ার এ কথা বলেন।
তিনি বলেন, "দেশ ও জনগণের স্বার্থে একটা নির্বাচন হওয়া দরকার। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন।"
দেলোয়ার মনে করেন, জাতীয়তাবাদী শক্তির স্বপক্ষের মানুষ এখনও ঐক্যবদ্ধ আছে। ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, "১১ জানুয়ারি ও তত্ত্বাবধায়ক সরকার একটি দলের আন্দোলনেরই ফসল। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে জনগণ কি অবস্থায় ছিলেন আমাদের চেয়ে তারাই ভাল বোঝেন।"
তাই জনগণ স্বাধীনভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে চারদলীয় জোটকে জয়যুক্ত করবেন বলে মনে করেন দেলোয়ার।
শিবালয় উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মেজবাহ উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মী সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৮ ঘ.
bdnews24