ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসংস্থান, দ্রব্যমূল্য হ্রাস ও স্বাস্থ্যবীমা চালুসহ বিভিন্ন প্রতিশ্র"তি দেওয়ার মধ্য দিয়ে শুক্রবার চারদলীয় জোটের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বরাবরের মতো নির্বাচনের প্রাক্কালে হজরত শাহজালালসহ কয়েকজন সুফি সাধকের মাজার জিয়ারতের পর সিলেট ও হবিগঞ্জে বেশ কয়েকটি নির্বাচনী সভায় চারদলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানান খালেদা।
বিএনপি চেয়ারপাসনের গাড়িবহরে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, শুক্রবার বিকালে সিলেটের লালাবাজার এলাকায় প্রথম নির্বাচনী জনসভায় খালেদা জিয়া বলেন, "আমরা (চার দল) নির্বাচিত হলে কর্মহীন দেশে কর্মচাঞ্চল্য সৃষ্টি করব। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার ব্যবস্থা নেব।"
"দেশ ও মানুষের প্রয়োজনে আমি আবারও জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠার জন্য আপনাদের ভোট চাই। উন্নয়ন এবং দেশের মানুষের কল্যাণে চারদলীয় জোটকে ক্ষমতা বসানোর সুযোগ দিন।"
এ জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এসময় তিনি সিলেট-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী শফি আহমেদ চৌধুরীকে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ঈদের মাত্র দুদিন পর অনুষ্ঠিত এ সমাবেশে বড় ধরনের উপস্থিতি বা সাধারণভাবে নির্বাচন-পূর্ব সমাবেশে যে উচ্ছ্বাস থাকে তা খুব বেশি চোখে পড়েনি। তবে দ্বিতীয় সমাবেশে জনসমাগম ছিল অনেক বেশি। পথে কোনও তোরণ না থাকলেও সমাবেশের মাঠে ঢোকার মুখে তোরণ বসানো হয়।
খালেদা জিয়া বলেন, "ক্ষমতায় গেলে ডিগ্রী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি এবং স্বাস্থ্য বীমা চালু করা হবে।"
খালেদা জিয়া তার বক্তব্যে ১/১১ এর ঘটনাবলীকে আবারও তার ও পরিবার এবং দলের বিরুদ্ধে 'গভীর ষড়যন্ত্র' হিসেবে অভিহিত করে বলেন, "বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমাকে দেশছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল। আমার ছেলেদের ওপর নির্যাতন করা হয়েছে। তারা এখনো সুস্থ হয়নি।"
তিনি দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর দ্রুত আরোগ্যের জন্য সমর্তকদের কাছে দোয়া চান।
বিএনপি চেয়ারপারসন বলেন,"চারদলীয় জোট যদি নির্বাচিত হতে পারে, তাহলে দেশে যে স্থবিরতা বিরাজ করছে তা দূর করে মানুষের মুখে হাসি ফোটাব।"
জনসভায় খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, স্থানীয় চারদলীয় প্রার্থী শফি আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।
জনসভার আগে দুপুরে হজরত শাহজালাল, শাহপরান ও বোরহানউদ্দিন শাহের মাজার জিয়ারত করেন খালেদা জিয়া। লালাবাজার জনসভার পর খালেদা জিয়া ওসমানী নগর থানার দয়ামীর মাঠে দ্বিতীয় জনসভায় যান। সেখানে তিনি সিলেট-২ আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপি নেতা ইলিয়াস আলীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
জনসভায় খালেদা তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনামলের সমালোচনা করে বলেন, "তারা দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। দুই বছরে এ সরকার ভালো কিছুই করতে পারেনি। বেকারত্ব বেড়েছে, কোনও উন্নয়ন হয়নি।"
তিনি অভিযোগ করেন, " তারা (তত্ত্বাবধায়ক সরকার) কথায় কথায় দুনীর্তির কথা বলতো, এখন দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। ফুটপাতের হকারদের উঠিয়ে দেওয়া হয়েছে। বস্তি উচ্ছেদ করা হয়েছে।'
দ্রব্যমূল্যের বর্তমান চিত্র তুলে ধরে খালেদা জিয়া বলেন, "চালের দাম এখন ৪০ টাকা কেজি, ১৩০ টাকা তেলের লিটার। আমরা ক্ষমতায় গেলে চাল, ডাল, তেলের দাম কমিয়ে আনব।"
১/১১ জানুয়ারির ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে 'ষড়যন্ত্রকারী' হিসেবে অভিহিত করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, "আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তবে ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যাবে।" ২২ জানুয়ারির নির্বাচন বাতিলের ঘটনাকে 'ষড়যন্ত্রকারীদের কাজ' বলে উল্লেখ করেন খালেদা জিয়া।
নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন," ১৯৭৪ সালে দুর্ভিক্ষে অনেক মানুষ মারা গেছে। তখন গণতন্ত্র ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন।"
সিলেটের পর খালেদা জিয়া হবিগঞ্জ-১ আসনভুক্ত নবীগঞ্জের আউশকান্দি হাইস্কুল মাঠ এবং তারপর বাহুবল উপজেলার মীরপুর আলী সোবহান কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখেন। ওই আসনে চারদলীয় জোটের প্রার্থী সুজাত মিয়ার পক্ষে ভোট চান তিনি।
সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়া শায়েস্তাগঞ্জ স্কুল মাঠ, হবিগঞ্জ পৌরভবন মাঠ, বানিয়াচঙ্গ এলআর হাইস্কুল মাঠ, মাধবপুর পাইলট হাইস্কুল মাঠের জনসভায় বক্তৃতা করেন। জনসভায় হবিগঞ্জ-৩ আসনে আবু লেইছ মোহাম্মদ মুবিন চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে ডা. এএম শাখাওয়াত হোসেন ও হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সালকে চারদলীয় জোট প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান বিএনপি চেয়ারপারসন।
এ সব জনসভায় তিনি বলেন, ২৯ ডিসেম্বরের নির্বাচন দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের নিরাপত্তার স্বার্থে সঠিক প্রার্থীকে মূল্যবান ভোট দিতে হবে। ধানের শীষ প্রতীক দেশের স্বার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার প্রতীক। আজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তার জন্যই ধানের শীষে ভোট দিতে হবে।
আগামীবার ক্ষমতায় গেলে সারের দাম কমানো এবং কৃষি উপকরণ ও কীটনাশকের ওপর সরকারি ভর্তুকি দেয়ার প্রতিশ্র"তি দেন সাবেক প্রধানমন্ত্রী।
প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, "আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। ভোটের সময় কোনও পক্ষ নেবেন না।" নিরপেক্ষভাবে নির্বাচন হলে আবারও চার দল ক্ষমতায় যাবে বলে বিএনপি চেয়ারপারসন আশা প্রকাশ করেন।
২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বাতিলের জন্য একটি রাজনৈতিক জোটের কর্মকাণ্ড দায়ী বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তবে তিনি কোনো রাজনৈতিক দলের নাম বলেননি।
সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব জনসভায় কয়েক হাজার মানুষ খালোদা জিয়ার বক্তব্য শুনতে অপেক্ষায় ছিলো। রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া কলেজ মাঠে সর্বশেষ জনসভা হওয়ার কথা।
হবিগঞ্জের চারটি আসনের মধ্যে হবিগঞ্জ-২ ও হবিগঞ্জ-৩ আসনের চারটি জনসভায় ভাষণ দেন খালেদা জিয়া। ২০০১ সালের নির্বাচনে এ জেলার চারটি আসনেই বিজয়ী হয় আওয়ামী লীগ।
খালেদা জিয়া শুক্রবারের সবশেষ সভায় ভাষণ দেন ব্রাহ্মণবাড়িয়া কলেজ মাঠে।
১/১১-এর ঘটনার জন্য তিনি মহাজোটকে দায়ী করে বলেন, "বিএনপি নির্বাচনে জিতে যাবে বলে তারা এ ঘটনা ঘটিয়েছে।"
সভায় চার দলীয় জোট নেত্রী ইসলামী ঐক্যজোট নেতা ফজলুল হক আমিনীসহ ব্রাহ্মণবাড়িয়ায় জোটের ছয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।
বক্তৃতা শেষে রাত ১টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়ে। গাড়ি বহর দুপুর ১২টার পর সিলেট সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে এম সাইফুর রহমান, এম ইলিয়াস আলী, শফি আহমেদ চৌধুরী, এনাম আহম্মেদ চৌধুরী, দিলদার হোসেন সেলিমসহ স্থানীয় বিএনপি নেতারা দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানান।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন খন্দকার মোশাররফ হোসেন, আসম হান্নান শাহ, সারোয়ারি রহমান, আমান উল
bdnews24