২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালের মাজারে খালেদা

নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর আগে সিলেটে হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও বোরহানউদ্দিন শাহের (র.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার গাড়িবহর থেকে জানাচ্ছেন সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 06:32 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর আগে শুক্রবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও বোরহানউদ্দিন শাহের (র.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে লালাবাজার এলাকায় একটি জনসভায় বক্তৃতা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। সকাল ৮টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। গাড়ি বহর দুপুর ১২টার পর সিলেট সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে এম সাইফুর রহমান, এম ইলিয়াস আলী, শফি আহম্মেদ চৌধুরী, এনাম আহম্মেদ চৌধুরী, দিলদার হোসেন সেলিমসহ স্থানীয় বিএনপি নেতারা চেয়ারপরসনকে খালেদা জিয়াকে স্বগত জানান। দুপুরে সার্কিট হাউজ থেকে হযরত শাহজালালের (র.) মাজারে যান খালেদা জিয়া। মাজার জিয়ারতের পর সেখানে নফল রামাজ পরেন তিনি। এরপর পর্যায়ক্রমে শাহপরান (র.) ও বোরহানউদ্দিন শাহের (র.) মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে লালাবাজারের উদ্দেশ্যে রওনা হন। সেখানে প্রথম নির্বাচনী সভায় অংশ নেবেন তিনি। সিলেটে মোট ৮টি জনসভায় খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন আগের নির্বাচনগুলোতেও হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু করেন। এবারের সফরে তার সঙ্গে আছেন খন্দকার মোশাররফ হোসেন, আসম হান্নান শাহ, অধ্যাপিকা সারোয়ারি রহমান, আমান উল্লাহ আমান প্রমুখ। ঢাকা সিলেটে যাওয়ার পথে মতিঝিল, সায়েদাবাদ, ডেমরা, কাঁচপুর, সোনারগাঁও, নরসিংদি, মাধবদি, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভিবাজার, গোয়ালা বাজার প্রভৃতি স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ হাতে বিএনপির কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানায়। গাড়িতে বসে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন সাবেক প্রধানমন্ত্রী। শনিবার বিকালে ঢাকার হোটেল শেরাটনে খালেদা জিয়া বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও গত বৃহস্পতিবার হযরত শাহজালালের (র.), শাহপরান (র.) ও বোরহান উদ্দিন শাহ্রে (র.) মাজার জিয়ারত করেন এবং সিলেট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার সকালে তিনি দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/জেকে/১৫২০ ঘ.