২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের পথে খালেদা

নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর আগে হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও বোরহানউদ্দিন শাহ্রে (র.) মাজার জিয়ারত করতে সিলেটের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার সকাল ৮টা ৩৫ এ তার গাড়িবহর সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। খালেদা জিয়ার গাড়িবহর থেকে জানাচ্ছেন সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 03:33 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালালের (র.), শাহপরান (র.) ও বোরহান উদ্দিন শাহ্রে (র.) মাজার জিয়ারত করতে সিলেটের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে তার গাড়িবহর সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। মাজার জিয়ারত শেষে দুপুরের পর থেকে নবম সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আগের নির্বাচনগুলোতেও হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু করেন খালেদা জিয়া। এবারের সফরে তার সঙ্গে আছেন দলের সহ-সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান। বিএনপি চেয়ারপারসন সকাল ৮ টা ৩৫ এ ঢাকা সেনানিবাসে শহীদ মঈনুল সড়কের বাসা থেকে গাড়িতে ওঠেন। পথে মতিঝিল, সায়েদাবাদ, ডেমরা, কাঁচপুর, সোনারগাঁও প্রভৃতি স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ হাতে বিএনপির কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানায়। গাড়িতে বসে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন সাবেক প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানান, সফরসূচি অনুযায়ী নরসিংদি, ভৈরব, ব্রাক্ষণবাড়িয়া, মাধবপুর, মীরপুর, বাহুবল, শেরপুর ও শফিপুর হয়ে গাড়ি বহর সিলেট প্রবেশ করবে। সিলেটে ৮টি জনসভায় খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। শনিবার বিকালে ঢাকার হোটেল শেরাটনে খালেদা জিয়া বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও গত বৃহস্পতিবার হযরত শাহজালালের (র.), শাহপরান (র.) ও বোরহান উদ্দিন শাহ্রে (র.) মাজার জিয়ারত করেন এবং সিলেট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার সকালে নির্বাচনী ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১২২ ঘ.