২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় হুদা, জাহাঙ্গীরসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

সাবেক মন্ত্রী নাজমুল হুদা, সাবেক প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীরসহ ২০ জনের বিরুদ্ধে নয়টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 06:34 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী নাজমুল হুদা, সাবেক প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীরসহ ২০ জনের বিরুদ্ধে নয়টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকবদের এ তথ্য জানান। তিনি জানান, সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুসহ ১১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় কমিশন গত নভেম্বর মাসে ৬৯টি মামলায় আদালতে চুড়ান্ত প্রতিবেদন দিয়েছে। হানিফ ইকবাল বলেন, "বিএনপি নেতা সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা ও সওজ-এর সাবেক প্রধান প্রকৌশলী এআরএম আনোয়ার হোসেন পারস্পারিক যোগসাজসে নাজমুল হুদার নির্বাচনী এলাকায় পাঁচটি সড়ক নির্মাণের নামে ৪ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ দিয়ে রাষ্ট্রের ৯০ লাখ টাকা ক্ষতি করেছেন।" এছাড়া আওয়ামী লীগ নেতা খ ম জাহাঙ্গীরের বিরুদ্ধে এক কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, সাবেক রাষ্ট্রদুত নাজিম উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জাল সার্টিফিকেটের মাধ্যমে অতিরিক্ত দুই বছর চাকরি করে অবৈধভাবে সরকারের প্রায় ৬৫ লাখ টাকা গ্রহণ, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম সচিব রফিক-ই-মোহাম্মদের বিরুদ্ধে ৩০ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, পরিসংখ্যান বুরে‌্যর নয় কর্মকর্তার বিরুদ্ধে লোক নিয়োগে দুর্নীতির অভিযোগসহ মোট নয়টি মামলায় ২০জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। এছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হালিম ও কর্মকর্তা লুৎফুন্নেছা চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী ফজলুল করিম এবং রাঙ্গামাটির রেঞ্জার হুমায়ুন কবিরের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে মহাপরিচালক জানান। তিনি বলেন, "নাসির উদ্দিন পিন্টুর টিন আত্মসাতের মামলাসহ ৬৯টি মামলায় ১১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত নভেম্বর মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে কমিশন। রাষ্ট্রের অর্থ আত্মসাত, ঢেউটিন আত্মসাত, ভিজিএফ'র চাল আত্মসাত ও ঘুষ গ্রহণের অভিযোগে এসব মামলা করা হয়েছিল।" এই ১১৩ জনের মধ্যে আরো রয়েছেন বিআইডাব্লুটিএ'র সাবেক চেয়ারম্যান রিয়াজ হাসান চৌধুরী, পাবনা জেল সুপার রেজাউল করিম, যমুনা অয়েল কোম্পানির সাবেক মহাব্যবস্থাপক নুরুল আমীন খান, সিরাজগঞ্জ শুভগাছা ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন রতন, কুমিল্লা পৌর চেয়ারম্যান মনিরুল হক সাক্কু, বাকেরগঞ্জ গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান, নলছিটি রানাপাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার, যশোর বাগারপাড়া ইউপি চেয়ারম্যান আবু হানিফ কুটু, লালমোহন ইউপি চেয়ারম্যান মো. আবু ইউসুফ, মনিরামপুর ইউপি চেয়ারম্যান এসএম মশিউর রহমান, দামুরহুদার সাব-রেজিস্ট্রার কাজী হাবিবউল্লাহ, মনপুরা ইউপি চেয়ারম্যান ছালেহউদ্দিন চৌধুরী, শিবগঞ্জ পৌরসভা চেয়ারম্যান শামীম কবীর, আলফাডাঙ্গা পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান এমএম জালালউদ্দিন, রাজবাড়ী কলিমোহনের ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, মাদারীপুর বাঁশকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাকুন্দিয়া নারান্দী ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক প্রকাশ হীরা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/জেকে/০০২০ ঘ.