ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে 'সরকারি হজ ডেলিগেশনে' মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া ধর্মবিরোধী প্রচারণার বিরুদ্ধে শাস্তির বিধান রেখে আলাদা ব্লাসফেমি আইন প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিতকরণ, সন্ত্রাস নির্মূল ও দুর্নীতি দমন, প্রশাসনিক সংস্কারসহ ২৩ দফা প্রতিশ্র"তি রেখে নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার সকালে জামায়াত আমির মতিউর রহমান নিজামী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন।
নিজামী বলেন, "ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে আরো শক্তিশালী করা হবে এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আরো কর্যকর করা হবে। মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাড়িয়ে প্রতি বছর 'সরকারি হজ ডেলিগেশনে' মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হবে।"
'নির্বাচনী মেনিফেস্টো ২০০৮' শিরোনামে জামায়াতে ইসলামীর ইশতেহারে ব্লাসফেমি আইন প্রণয়ন প্রসঙ্গে বলা হয়, 'বই-পত্র, পত্র-পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়াতে ধর্মবিরোধী প্রচারণা ও কটুক্তিকারীদের প্রতিরোধ ও শাস্তি বিধানের জন্য ব্লাসফেমি ধরনের আইন প্রণয়ন করা হবে।'
দেশে বিভিন্ন আইন থাকার পরও ইশতেহারে আলাদা করে কেন 'ব্লাসফেমি' আইন করার কথা বলা হয়েছে- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে নিজামী বলেন, "এমন আইন না থাকার কারণেই দাউদ হায়দার ও তছলিমা নাসরিনকে দেশের বাইরে থাকতে হচ্ছে।"
চলতি মাসকে বিজয়ের মাস ও মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে মতিউর রহমান নিজামী (বিভিন্ন তালিকায় যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত) বলেন, "মুক্তিযোদ্ধা ও জনগণের সীমাহীন ত্যাগ, অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অস্তিত্ব লাভ করে।"
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিষয়টিতে হঠাৎ করে বেশি গুরুত্ব দেওয়াটা নির্বাচনী কৌশল কি না- জানতে চাইলে জামায়াত আমির দাবি করেন, "গত নির্বাচনী ইশতেহারেও এসব বিষয় ছিল। এটা নতুন কিছু নয়। জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই বিষয়টতে গুরুত্ব দিচ্ছে। চারদলীয় জোট ক্ষমতায় থাকা অবস্থাতেই দেশে মক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছে।"
এক প্রশ্নের জবাবে নিজামী বলেন, "শরিক দলের কেউ সন্ত্রাস বা দুর্নীতি করলে প্রয়োজনে তার দল প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হবে।"
জোট সরকার যখন ক্ষমতায় ছিল তখন তার দল কেন এই ভূমিকা নেয়নি জানতে চাইলে প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি।
জামায়াতের নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য মৌলিক ইসলামী শিক্ষার ব্যবস্থা করা; রেডিও-টিভি ও সংবাদ মাধ্যমে ইসলামী আদর্শ প্রচারের ব্যবস্থা করা; মদ, জুয়াসহ যাবতীয় অসামাজিক কাজ ও পাপাচার বন্ধের উদ্যোগ নেওয়া; নগর ও বিভাগীয় শহরে নারী ও শিশুদের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা করা; স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন নিশ্চিত করা; জবাবদিহীমূলক প্রশাসন প্রতিষ্ঠা; প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও আর্থিক সুবিধা বাড়ানো; শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা; কৃষি-শ্রমিকদের ন্যূনতম মজুরি ও আর্থিক সুবিধার জন্য কৃষি-শ্রমিক ওয়েজবোর্ড প্রতিষ্ঠা; যানজট রোধে ঢাকায় পাতাল রেল ও প্রয়োজনীয় সংখ্যক ফ্লাইওভার নির্মাণ করা; কৃষি ঋণের সুদ মওকুফ ও সহজ শর্তে কৃষি ঋণ, পল্লী ঋণ দেয়া; শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া প্রভৃতি।
জরুরি অবস্থা পুরাপুরি প্রত্যাহারের সরকারি ঘোষণাক স্বাগত জানিয়ে নিজামী বলেন, "জররি অবস্থা প্রত্যাহারের তারিখ ঘোষিত হওয়ায় নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই। এখন সবাই নির্বাচনমুখী। নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না।"
আসন ভাগাভাগি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, চারদলীয় জোটে আসন বণ্টন নিয়ে কোনো সমস্যা হবে না। আর জামায়াতের প্রার্থীরা দাড়িপাল্লা প্রতীক নিয়েই নির্বাচন করবেন।
ইশতেহারে বিভিন্ন প্রস্তাবনার বাইরে বিগত জোট সরকার ও জামায়াতের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এডি/টিএইচ/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24