জামালপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগত আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম এবং জোট সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী লিবারেল ডেমোক্রেটিক পার্টি মনোনীত আনোয়ারুল কবীর তালুকদারসহ জামালপুরের পাঁচটি আসনে ছয়জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার নির্ধারিত দিনে তারা মনোনয়ন প্রত্যাহার করেন বলে জানিয়েছেন জেলার নির্বাচন কর্মকর্তা শাজাহান খান।
তিনি জানান, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে নুরুল ইসলাম ও আনোয়ারুল কবীর তালুকদার ছাড়াও জাতীয় পার্টি (জাপা-এরশাদ) মনোনীত মামুনুর রশীদ জোয়ার্দার তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এ ছাড়া জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. ইশতিয়াক হোসেন দিদার ও জাপার এম এ ছাত্তার, জামালপুর-২ আসনে আওয়ামী লীগের শাহজাহান মণ্ডল, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জাপা মনোনীত মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী এবং জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী নেতা মো. মোজাফফর হোসেন মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে দুই হাজার ৪৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ ও ৪ ডিসেম্বর এ দুদিনের যাচাই-বাছাইয়ে ঋণ ও বিল খেলাপ করারসহ নানান কারণে ৫৫৭ জনের মনোনয়ন বাতিল হয়।
গত ৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩০৭টি এবং গ্রহণের বিরুদ্ধে ৮১টি আপিল হয়। শুনানির প্রথম তিনদিনে ৮৩টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১০ ঘ.
bdnews24