খুলনা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাসিনা বানু শিরিনকে গণ বিচিছন্ন আখ্যয়িত করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলের খুলনা জেলা ও মহানগর নেতারা।
তারা শিরিনের পরিবর্তে পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গফফার বিশ^াসকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় আগামী ১২ ডিসেম্বর নেতাকর্মীরা গণ পদত্যাগ করবে বলে তারা হুমকি দিয়েছেন।
রোববার দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় জাতীয় পার্টির (জাপা) নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাপার খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, ২০০৬ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে খুলনা-৩ আসনে সাবেক সাংসদ আবদুল গফফার বিশ^াসকে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেই থেকে তিনি এই আসনের তিন থানায় নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মেয়র নির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিলেও দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কথামত মহাজোটের স্বার্থে প্রত্যাহার করে নেন।
এছাড়া সংসদ নির্বাচনে তাকে খুলনা-৩ আসনে মহাজোটের প্রার্থী করারও আশ্বাস দেওয়া হয়েছিল।
জাপা নেতারা বলেন, দল কার স্বার্থে এই আসনে হাসিনা বানু শিরিনকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিল তা জেলা ও মহানগর নেতাকর্মীরা জানতে চায়।
তারা দাবি করেন, শিরিন গত ১৭ বছর ধরে জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ডের সঙ্গে নেই। গফফার বিশ^াসকে খুলনা-৩ আসনে মহাজোটের প্রার্থী করা না হলে এই আসনটি মহাজোটের হাতছাড়া হবে।
সংবাদ সম্মেলনে খুলনা-৬ আসনে জাতীয় পার্টির মনোনীত শফিকুল ইসলাম মধুকে মহাজোট থেকে প্রার্থী করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাপার কেন্দ্রীয় তিন সাংগঠনিক সম্পাদক আবদুল গফফার বিশ^াস, শফিকুল ইসলাম মধু ও অ্যাডভোকেট মঞ্জুর উল আলম, জেলা যুব সংহতির সভাপতি ডা. সৈয়দ আবুল কাশেমসহ জেলা ও মহানগরীর ১৪ থানা জাতীয় পার্টির সভাপতি-সাধারণ সম্পাদকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৭ ঘ.
bdnews24