২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরুল ইসলামের আসনে নির্বাচন স্থগিতের দাবি গণতন্ত্রী পার্টির

নূরুল ইসলামের নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টি। দলীয় সভাপতির বাসায় অগ্নিকাণ্ড খতিয়ে দেখার দাবিও জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নূরুল ইসলামের নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টি। দলীয় সভাপতির বাসায় অগ্নিকাণ্ড খতিয়ে দেখার দাবিও জানিয়েছে তারা। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়ায় গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডে তার ছেলে তমহর ইসলাম মারা যায়। অগ্নিদগ্ধ নূরুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টির সভাপতি নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে ওই আসনে তার প্রার্থী হওয়ার কথা। নূরুল ইসলাম অভিযোগ করেছেন, কিছু দিন ধরে তাকে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছিল। একই কথা জানিয়েছেন তার দলের নেতারাও। চিকিৎসাধীন নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "১৪ দলে মনোনয়ন পাওয়ার পর নির্বাচন না করার জন্য আমাকে মৌলবাদীরা নানাভাবে হুমকি দিয়ে আসছে।" বুধবার দুপুরে গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইসলাম খান ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, "নূরুল ইসলামকে বেশ কিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। তাই মঙ্গলবার রাতে তার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখার জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি। পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান, নোয়াখালী-১ আসনে নির্বাচন যেন স্থগিত করা হয়।" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দুপুরে নূরুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেলে যান। মেনন সাংবাদিকদের বলেন, "তিনি (নূরুল ইসলাম) কিছুদিন আগে জানিয়েছিলেন, তাকে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। তাই অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা দরকার।" তিনি বলেন, "আমার জানা মতে, নূরুল ইসলামের ব্যক্তিগত কোনও শত্র" নেই। তবে আদর্শগত শত্র" আছে।" আগুন লাগার সময় পিতা-পুত্র ছাড়া লালমাটিয়ার ওই বাড়িতে আর কেউ ছিল না। নূরুল ইসলামের স্ত্রী কবি রুবী রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ৯ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা। পুলিশ জানিয়েছে, লালমাটিয়া বি ব্লকের পঞ্চম তলার ৪/১ নম্বর ফ্ল্যাটে আগুন লাগলে তমহর ইসলাম (৩৬) ঘটনাস্থলেই মারা যান এবং নূরুল ইসলাম (৬৮) দগ্ধ হন। বাড়ির ছয় তলার বাসিন্দা বিবিএর ছাত্র হাসিবুল হাসানের উদ্ধৃতি দিয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসিবুল হাসান তার কক্ষে অপর দুই বন্ধুকে নিয়ে কম্পিউটারে কাজ করছিল। রাত ৩টার দিকে তারা কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনেন। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন, তাদের ফ্ল্যাটে একটি জানালা দিয়ে ধোঁয়া ঢুকছে। তখন তারা ৫ তলায় নেমে দেখেন, ৪/১ ফ্ল্যাটের দরজা দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে এবং একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন।" "ওই সময় হাসিবুলের বন্ধুরা দরজা ভেঙ্গে ফেলে এবং দরজার কাছ থেকে দগ্ধ অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরই মধ্যে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ছুটে আসেন।" পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান জানান, দমকল এবং স্থানীয় লোকজন মিলে বাসার আগুন নেভায় এবং বাসার ড্রইং-ডাইনিং রুম থেকে উপুড় হয়ে পড়ে থাকা তমহরকে মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি বলেন, "বাসার ড্রইং এবং ডাইনিং রুম এক সঙ্গে। এই রুমের সবচেয়ে ক্ষতি হয়েছে। এই রুমে থাকা টেলিভিশন, ফ্যান, ফ্রিজ পুড়ে গেছে। ফ্রিজের কমপ্রেসার ফেটে গেছে। দেখে মনে হয়েছে যেন বিস্ফোরণ ঘটেছে।" কামরুজ্জামান জানান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ ঘটে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দমকল বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছে। নূরুল ইসলাম ১৯৯১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দলীয় জোটের প্রার্থী হিসেবে নোয়াখালী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৩২ ভোটে বিএনপি প্রার্থীর কাছে হেরে যান। তিনি ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতির দায়িত্বও পালন করছেন। ওই আসনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছকে। তবে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার পর মহাজোট থেকে নূরুল ইসলামকে ওই আসনে প্রার্থী করার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে গণতন্ত্রী পার্টির নেতারা জানিয়েছেন। নোয়াখালী-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তারেক রহমানের অন্যতম আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/এমআই/১৩৫১ ঘ.