ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটের শরীক দল জাতীয় পার্টি ৪৭টি আসন চূড়ান্ত করেছে। দুয়েকদিনের মধ্যে ৫০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবে তারা।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান।
মহাজোটে জাতীয় পার্টির আসন চূড়ান্ত করতে জাতীয় পার্টির তরফ থেকে রহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আসেন।
বিকেলে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, "আমাদের ৪৭টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। আজকালের মধ্যে ৫০টি আসনে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব।"
এরশাদ রাষ্ট্রপতি হবেন কি না জানতে চাইলে তিনি বলেন, "২২ জানুয়ারি বাতিল হয়ে যাওয়া নির্বাচনের আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী মহাজোট জয়লাভ করলে এরশাদ সাহেবই রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল।"
তিনি বলেন, "আমরা আশা করছি এবারের নির্বাচনে মহাজোট জয়লাভ করলে এরশাদ সাহেবকে রাষ্ট্রপতি করা হবে।"
রহুল আমিন হাওলাদার বিকেলে বেরিয়ে গেলেও আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রাত ১০টা পর্যন্ত থেকে যান। ১০টার পর বের হওয়ার সময় তারা দু'জন এবং আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফ কেউই সাংবাদিকদের কিছু না বলে দ্রুত চলে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এসকে/২৩১৯ঘ.
bdnews24