ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক সরকারের সময় দুর্নীতি দমন কার্যক্রমে বাধা আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেছেন, "আগামী নির্বাচিত সরকারের সময় দুদক চ্যালেঞ্জের মুখে পড়বে। তাদের (সরকার) চাহিদা বেশি হবে। বাধা সৃষ্টি হতে পারে বিভিন্নভাবে।"
সোমবার দুদক কার্যালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে হাসান মশহুদ এ কথা বলেন।
তবে যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় দুদক প্রস্তুত বলে জানান তিনি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়েও বিভিন্নভাবে দুদককে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে হাসান মশহুদ অভিযোগ করেন।
ডিসেম্বরের শেষে অনুষ্ঠেয় নির্বাচনের পরই বর্তমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে।
বর্তমান সরকারের সময়ে দুদকের কার্যক্রমের বিষয়ে হাসান মশহুদ বলেন, "নানা তর্ক-বিতর্ক এবং বিচার প্রক্রিয়ার কারণে দুদকের কার্যক্রমের যে ফল আশা করা হয়েছিল, তা হয়নি।"
"রাজনৈতিক সমঝোতার কথা বলে অনেক চাপ এসেছে; প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে; মামলা একভাবে না করে অন্যভাবে করা যায় কিনা- এসব বিষয় এসেছে। তবে দুদক প্রভাবিত হয়েছিল কিনা, সে বিচার জনগণই করবে।"
পরবর্তী নির্বাচিত সরকারের সময়ে কার্যক্রমের বিষয়ে হাসান মশহুদ বলেন, "রাজনৈতিক সরকার আসার পর কাজ করা কঠিন হবে বলে ধরে নেওয়া হচ্ছে। এজন্য প্রস্তুতিও রয়েছে। আমাদের একান্ত প্রচেষ্টা থাকবে তাদের বোঝানো। সরকারের আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ সবার সহযোগিতা আশা করা হবে।"
"বিচার বিভাগ নিজ অবস্থানে থাকলে কোনও সমস্যা হবে না। তার পরও দুদক নতুন সরকারের কাছে সহযোগিতা চাইবে।"
হাসান মশহুদ বলেন, "দুর্নীতি দমন কমিশন আইনসিদ্ধভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। এর ক্ষমতা কমাতে গেলে ঝুঁকি আছে। আর যারা করার চেষ্টা করবেন, তারাই বুঝবেন লাভ-ক্ষতি কতটুকু হবে।"
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে কমিশন কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/এসকে/১৯০৭ঘ.
bdnews24