ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন ভাগাভাগি নিয়ে আলোচনা ঝুলে যাওয়ার প্রেক্ষাপটে মহাজোটে যাওয়া নিয়ে জাতীয় পার্টির অনিশ্চয়তা সত্ত্বেও আশা ছাড়ছে না আওয়ামী লীগ।
রোববার নির্ধারিত বৈঠকে জাতীয় পার্টির নেতারা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আসেননি। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, বৈঠক হবে। জাপা নেতারা আসবেন।
শনিবার আলোচনার পর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, রোববার সকাল সাড়ে ১০টায় আবার আলোচনা হবে।
কিন্তু রোববার দুপুর পর্যন্ত জাতীয় পার্টি নেতারা ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে না আসায় বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, তারা (জাপা নেতা) আসবেন।
আমু বলেন, "জাতীয় পার্টি মহাজোটে ছিল এবং আছে।"
তোফায়েল বলেন, "জাপা চেয়ারম্যানের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছে। তারা নির্বাচনের কাজে ব্যস্ত আছেন। বৈঠকে আসবেন বলে জানিয়েছেন।"
আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম দুপুর ১টায় সাংবাদিকদের বলেন, "জাতীয় পার্টির বিষয়ে শঙ্কার কোনও কারণ নেই। তারা মহাজোটেই থাকবেন।"
রোববার সকালের বৈঠকে জাপা নেতাদের না আসার বিষয়ে তিনি বলেন, "বৈঠকে না এলেও তাদের (জাপা নেতা) সঙ্গে আলোচনা চলছে। "
আলোচনার ফলাফল কী- সাংবাদিকরা জানতে চাইলে আশরাফ বলেন, "দুই-একটি আসন নিয়ে জটিলতা আছে। তবে তা শিগগিরই কেটে যাবে।"
এদিকে রোববার বিকালেই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভা ডেকেছেন এরশাদ।
২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার। তবে আওয়ামী লীগ ও জাপা অধিকাংশ আসনে দলীয় নেতাদের মনোনয়নপত্র দাখিল করতে বলেছে। আসন ভাগাভাগি নিয়ে মতৈক্য হলে নির্দিষ্ট আসনগুলোতে মহাজোটের মনোনীত প্রার্থী ছাড়া অন্য সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে বলে দল দুটির নেতারা জানিয়েছেন।
মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে গত শুক্রবার থেকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে টানা আলোচনা চালিয়ে যাচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদ ও সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু।
শনিবারের আলোচনা শেষে আনিসুল ইসলাম সাংবাদিকদের বলেন, "রোববার সকালে আমরা আবার বসব। আশা করছি, আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ওই দিনই (রোববার) হয়ে যাবে।"
আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামও বলেন, "জাতীয় পার্টির দুই-তৃতীয়াংশ আশা পূরণ হয়েছে। কাল (রোববার) বাকিটা হয়ে যাবে।"
তবে শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যতগুলো আসন চেয়েছিলাম ততগুলো পাইনি। আমাদের চেয়ারম্যানকে রাষ্ট্রপতি করারও ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে আওয়ামী লীগের অনীহা দেখা যাচ্ছে।"
"ফলে মহাজোটে আমাদের যাওয়া এখনও নিশ্চিত নয়", বলেন তিনি।
সুনীল জানান, রোববার বিকাল সাড়ে ৩টায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভা ডাকা হয়েছে।
জাতীয় পার্টি মহাজোটের হয়ে অংশ নেওয়া ক্ষেত্রে আওয়ামী লীগের কাছে ৬০টি আসন চেয়েছে বলে তিনি জানান। তবে শনিবারের আলোচনার পর আনিসুল ইসলাম জানান, জাতীয় পার্টি মহাজোটের কমপক্ষে ৪০টি আসন পাবে।
২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে জাতীয় পার্টিও ছিল।
১৯৯৬ সালে সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ।
জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রীও করা হয়। তবে পরে এরশাদ সমর্থন প্রত্যাহার করে নিলেও মঞ্জু আলাদা জাতীয় পার্টি (জেপি) গঠন করে সরকারে থেকে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৩২৯ ঘ.
bdnews24