বগুড়া, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন।
শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা বগুড়ার শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজ মাঠে নেতাকর্মীদের এক পরামর্শ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
দলের মনোনয়ন না পেয়েও মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্না বলেন, "এলাকার লোকজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার দাবি করছে। আমি জনগণের মতামতকে সন্মান দেব। কাল (রোববার) শিবগঞ্জে আমার মনোনয়নপত্র দাখিল করব।"
মাহমুদুর রহমান মান্না ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকার জনগণ মনোনয়ন নিয়ে খুশি নয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই এলাকায় এসেছি।"
পরামর্শ সভাকে অনানুষ্ঠিানিক সভা বলেও জানান তিনি।
মান্না আরও বলেন, "আমার কি আপরাধ, নেত্রী কেন আমাকে দলের মনোনয়ন দিলেন না আমি জানি না। আমি এর কোনো প্রতিবাদ করিনি। আওয়ামী লীগের কোনো ক্ষতি চাই না। এখনও আওয়ামী লীগ করি, আগামীতেও করতে চাই। দল ছাড়তে চাই না।"
নেত্রী তার বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করে তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24