২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন ভাগাভাগি নিয়ে রোববার আবার বসবে আওয়ামী লীগ-জাপা

টানা দুই দিনের আলোচনায়ও আসন্ন সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মতৈক্যে পৌঁছতে পারেনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। শনিবার আলোচনার পর জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন, রোববার সকালে আবার বৈঠক হবে। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশাবাদী জাপা নেতারা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুই দিনের আলোচনায়ও আসন্ন সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মতৈক্যে পৌঁছতে পারেনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। শনিবার আলোচনার পর জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন, রোববার সকালে আবার বৈঠক হবে। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশাবাদী জাপা নেতারা। রোববারই মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আগামী ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে অংশ নিতে জাতীয় পার্টি (এরশাদ) ৭৪টি আসন দাবি করেছে। এনিয়ে শুক্রবার থেকে আওয়ামী লীগ ও জাপা নেতাদের দফায় দফায় আলোচনা চলছে। সুধাসদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির (এরশাদ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, "আমরা কাল (রোববার) সাড়ে ১০টায় আবার বসব। আশা করি, কালই সব চূড়ান্ত হয়ে যাবে।" তিনি বলেন, "আমরা চাচ্ছি, সবচেয়ে ভালো প্রার্থীকে মহাজোট থেকে মনোনয়ন দিতে। কারণ মহাজোটের প্রার্থীদের নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে।" আলোচনার ফলাফলের বিষয়ে আনিসুল ইসলাম বলেন, "আলোচনায় ভালো অগ্রগতি হচ্ছে।" জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ মহাজোটের হয়ে রংপুর, কুড়িগ্রাম ও ঢাকার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আনিসুল ইসলাম দাবি করেন। জাপার পক্ষ থেকে ৭৪টি আসন দাবি করা হলেও আনিসুল আশা প্রকাশ করছেন, তাদের ৪০টির বেশি আসন ছেড়ে দেওয়া হবে। মহাজোট নির্বাচনে জয়ী হলে এরশাদকে রাষ্ট্রপতি করা হবে কিনা- প্রশ্ন করা হলে জাপার এই নেতা বলেন, "এ আলোচনা এখনও হয়নি।" আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনায় আনিসুল ইসলামে সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু। সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের আগে দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন জাপা নেতারা। ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৩০ ঘ.