২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার হচ্ছেন খালেদা

খালেদাকে ভোটার করার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার নবম সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগে শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনকে ভোটার করার প্রক্রিয়া শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদাকে ভোটার করার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার নবম সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগে শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনকে ভোটার করার প্রক্রিয়া শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রীর সম্মতি পেয়ে বিকেল চারটার দিকে তার মইনুল রোডের বাসভবনের উদ্দেশে রওনা দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও ভোটার তালিকা প্রকল্পের কর্মীরা। দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "বেগম জিয়ার ব্যক্তিগত সচিবের মাধ্যমে তার ভোটার হওয়ার সম্মতি পেয়েছি।" তিনি বলেন, "ছবিসহ ভোটার তালিকায় তাকে নিবন্ধনের জন্য আমরা ক্যান্টনমেন্টের বাসভবনের উদ্দেশে রওয়ানা হয়েছি।" তিনি আরো বলেন, " বিকেল সাড়ে চারটায় তার ছবি তোলা হবে এবং আঙ্গুলের ছাপ নেওয়াসহ প্রয়োজনীয় তথ্য নিয়ে ভোটার ফরম পূরণ করা হবে।" ২ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ নভেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এরপর আরও দুই দফা তফসিলে পরিবর্তন এলেও এতদিন ভোটার হওয়ার ব্যাপারে কোনো সাড়া দেননি তিনি। কারাবন্দি থাকা অবস্থায় খালেদাকে বেশ কয়েকবার ভোটার হওয়ার জন্য ইসির পক্ষ থেকে অনুরোধ করা হয়। সেসময় তিনি ভোটার হতে অসম্মতি জানান। পরেও তার সঙ্গে ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করলেও কোনো সাড়া পাননি। পুনর্র্নিধারিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন, আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ শনিবার সকালে বলেন, '' নির্বাচনে অংশ নিতে হলে খালেদা জিয়াকে মনোনয়ন দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হতে হবে। অবশ্য নির্বাচন কমিশন 'বিশেষ ক্ষমতায়' তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।'' তিনি জানান, নবম সংসদের জন্য পরিবর্তিত সময়সূচি অনুযায়ী তাকে ৩০ নভেম্বরের মধ্যেই ভোটার হতে হবে। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীর ভোটার হওয়া বাধ্যতামূলক। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কারাবন্দি অবস্থায়ই গত জুনে ভোটার হন। চলতি মাসে তিনি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৭০০ ঘ.