ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনের আগে-পরে টানা আট দিন সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ১৮ ডিসেম্বর থেকে সংসদ নির্বাচনের সময়সূচি পিছিয়ে ২৯ ডিসেম্বর ঘোষণা করায় সেনা মোতায়েনের তারিখও পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন শনিবার সাংবাদিকদের বলেছেন, "আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স (ভ্রাম্যমাণ বাহিনী) হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে।"
সকালে জাতিসংঘের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার ছহুল হোসাইনে ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ইসি সচিবালয়ে সাক্ষাৎ করেন। জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ছহুল হোসাইন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ছহুল হোসাইন বলেন, "সেনা সদস্যরা নির্বাচনের সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। ভোট কেন্দ্রের ভেতরে বা ভোটকক্ষে তাদের অবস্থান থাকবে না।"
ইসি কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি না রাখার সিদ্ধান্তও নেয় ইসি।
মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া এবং নির্বাচনী অপরাধের বিচার করার জন্যে (শুধু অর্থদণ্ডের জন্য) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।
কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি থানায় ২ থেকে ৪ প্লাটুন সেনা দল স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। নির্বাচনের দুদিন আগে ও দুইদিন পরে শুধুমাত্র 'শো অফ ফোর্স' হিসাবে নির্বাচনী এলাকাগুলোতে টহল দেবে তারা। ভোটকেন্দ্রের ভেতরে কিংবা ভোটকক্ষে কোনও দায়িত্ব তারা পালন করবে না। পুলিশ বাহিনী ভোটকেন্দ্রের ভেতরে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করবে।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ইসি সচিবালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলার সিদ্ধান্ত হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন) ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অষ্টম সংসদ নির্বাচনে (১ অক্টোবর ২০০১) সমতল এলাকার ভোটকেন্দ্রে ৪ দিনের জন্য, দুর্গম এলাকায় ৫ দিনের জন্য পুলিশ ও আনসার মোতায়েন ছিল। ব্যাটালিয়ন আনসার ৮ দিনের জন্য বিডিআর, কোস্টগার্ড ১৫ দিনের জন্য এবং সশস্ত্রবাহিনী ১৫ দিনের জন্য (২২ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত) দায়িত্বে ছিল।
অষ্টম জাতীয় সংসদে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে বরাদ্দ দেওয়া হয়েছিল ৪১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৩১ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২৫৫ ঘ.
bdnews24