২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার শেষ

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষ করেছে দলটির সংসদীয় বোর্ড। দলের চেয়ারপারসেনের গুলশানের কার্যালয়ে শুক্রবার রাত ৯টায় সাক্ষাৎকার শেষ হয়। এর আগে অন্যান্য বিভাগের সাক্ষাৎকার নেওয়া শেষ হলেও শুক্রবার বিকেল ৪ টায় ঢাকা জেলা ও মহানগরের আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষ করেছে দলটির সংসদীয় বোর্ড। দলের চেয়ারপারসেনের গুলশানের কার্যালয়ে শুক্রবার রাত ৯টায় সাক্ষাৎকার শেষ হয়। এর আগে অন্যান্য বিভাগের সাক্ষাৎকার নেওয়া শেষ হলেও শুক্রবার বিকেল ৪ টায় ঢাকা জেলা ও মহানগরের আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। সাক্ষাৎকার শেষে রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন," কিছুক্ষণ আগে সাক্ষাৎকার শেষ হয়েছে। আজই (শুক্রবার) খালেদা জিয়াসহ সংসদীয় বোর্ড সাক্ষাৎকার নেওয়া মনোনয়ন প্রত্যাশীদের যাচাই বাছাই করতে মূল্যায়ন বৈঠকে বসবেন। এরপর চূড়ান্ত তালিকা করা হবে।" তিনি আরও জানান, গত দু'দিনে এক হাজার ৪৮৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৬০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৬ জন, সিলেট বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২৮২ জন, খুলনা বিভাগে ১৩৩ জন এবং বরিশাল বিভাগে ১১৪ জন। মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা কবে সংবাদমাধ্যমকে জানানো হবে তা নিশ্চিত করতে পরেননি রিজভী আহমেদ। শুক্রবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎকার শুরু হয়। প্রথমে সাক্ষাৎকার নেওয়া হয় ঢাকা জেলার আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের। পরে মহানগরীর আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। শুক্রবার রাতে দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রচুর নেতাকর্মী সমবেত হয়। সর্বশেষ কারা মনোনয়ন পেলেন তা জানার জন্য তারা রাত পর্যন্ত প্রতীক্ষায় ছিলেন। অনেক মনোনয়ন প্রার্থী সাবেক সাংসদকেও চেয়ারপারসনের কার্যালয়ের অপেক্ষা করতে দেখা গেছে। সময় স্বল্পতার জন্য এবার প্রতিটি জেলার সব আসনের সব মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার একসঙ্গে নেওয়া হয়েছে বলে দলটির নেতার জানিয়েছেন। সংসদীয় বোর্ডে খালেদা জিয়া ছাড়াও আছেন- মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মতিন চৌধুরী, ড. আরএ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। এবার ২৬৩টি আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয় ২ হাজার ৯৬টি। ৩০০ আসনের বাকি ৩৭টির জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়নি। এগুলো চারদলীয় জোটের শরিকদের ছেড়ে দেওয়া হবে বলে দলের নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জিএনএ/২২২১ ঘ.