ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে শুক্রবারও বৈঠকে বসেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা।
সকাল ১১টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বৈঠক শুরু হয়। দুপুরে বৈঠক মুলতবি হয়। বিকাল পৌনে ৫টার দিকে বৈঠক পুনরায় শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে রয়েছেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
জাতীয় পার্টির পক্ষে রয়েছেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু।
দুপুরে বৈঠক মুলতবি হওয়ার পর সাজেদা চৌধুরী, শেখ সেলিম ও মতিয়া চৌধুরী সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রীর বাসায় যান।
আসন বণ্টন চূড়ান্ত হয়েছে কিনা- জানতে চাওয়া হলে সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, "আলোচনা চলছে। আশা করি, আজকের (শুক্রবার) মধ্যেই এ বিষয় চূড়ান্ত করা যাবে।"
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি ৭৪টি আসন তাদের ছেড়ে দেওয়ার দাবি করেছে। বৃহস্পতিবার রাতেও আনিসুল ইসলাম ও জিয়াউদ্দিন বাবলু শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন।
এইচএম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছাড়া মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলো ইতোমধ্যে তাদের চাওয়া আওয়ামী লীগকে জানিয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়েছে ৩০টি, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) ১২টি আসন দাবি করেছে।
এছাড়া ১৪ দলের শরিক দলগুলোর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্রী পার্টিও আসন দাবি করছে।
আওয়ামী লীগ অবশ্য আগেই ৩০০ আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে ফয়সালা হওয়ার পর নির্দিষ্ট আসনগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।
আগামী ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫২১ ঘ.
bdnews24