মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
টাঙ্গাইল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরো কমলেও এ সরকারের আমালে দেশে তেলের দাম আর কমার সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার টাঙ্গাইলের এলেঙ্গায় ডরিন পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "যে নীতিমালার মাধ্যমে আমরা তেলের দাম কমিয়েছিলাম, তাতে বলা আছে তিন মাসের গড় মূল্য দেখতে হবে। সে অনুযায়ী জানুয়ারি মাসে এটা দেখা হবে। আর সেক্ষেত্রে পরবর্তী সরকারকেই কাজটি করতে হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তামিম বলেন, "সবার আশা ছিল, এ সরকার কিছু বড় বিদ্যুৎ কেন্দ্র করে দিয়ে যাবে। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি।"
তিনি বলেন, "আমরা বলেছিলাম, সব মিলিয়ে ১০০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করতে পারব। আমরা তার কাছাকাছি পৌঁছে গেছি। ইতোমধ্যে ৩৫০ মেগাওয়াট উৎপাদন বেড়েছে। ফেব্রুয়ারি নাগাদ আরো ৪৫০-৫০০ মেগাওয়াট বাড়বে।"
বিশেষ সহকারী বলেন, ভোল্টেজ সমস্যা ও সিস্টেমের ভারসাম্য রক্ষায় ডরিন পাওয়ারের মতো ছোট বিদ্যুৎ কেন্দ্রগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তামিম বলেন, "সমানে নির্বাচিত সরকার আসবে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তাদের একটি অভিন্ন নীতিমালা করতে হবে। এখন গ্যাসের অভাবে আমরা কিছু করতে পারছি না।"
গ্যাস ব্যবহারের ক্ষেত্রে প্রাধান্য ঠিক করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "সার ও বিদ্যুতের জন্য যে পরিমাণ গ্যস দরকার সে চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই বিকল্প হিসাবে কয়লাকে ব্যবহার করতে হবে। বড়পুকুরিয়া খনি থেকে ২০ বছর ধরে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা পাওয়া যাবে।"
বিদ্যুৎ খাতের জন্য 'পাবলিক-প্রাইভেট' নীতিমালা অনুমোদনের কথা উল্লেখ করে তামিম বলেন, "এতে করে যে কেউ বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে পারবে। আগামী সপ্তাহে নবায়নযোগ্য জ্বালানি নীতিও উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।"
বিদ্যুৎ সচিব এম ফাওজুল কবির খান অনুষ্ঠানে বলেন, "ডরিন পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র এ এলাকায় বিদ্যুতের ভোল্টেজ সমস্যার সমাধানে সহায়ক হবে। সরকার যে ২২টি ক্ষুদ্র বিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছিল ইতোমধ্যে তার ৫টি চালু হয়েছে। এপ্রিল নাগাদ একে একে সবগুলো চালু হয়ে যাবে।"
বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিয়েন ঝু বলেন, "আমরা জানি, বাংলাদেশে এখন বিদ্যুতের দারুণ চাহিদা। তার বিরপীতে এই কেন্দ্রের ২২ মেগাওয়াট বিদ্যুৎ কম হলেও গুরুত্বপূর্ণ।"
স্বাগত বক্তব্যে ডরিন পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী বলেন, "যখন আমরা এ প্রকল্প শুরু করি তখন অনেক সমালোচনা হয়েছে। তারপরও আমি বলব, সবার প্রচেষ্টার ফলেই সঠিক সময়ে এটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। শিগগিরই আমাদের আরও তিনটি বিদ্যুৎ কেন্দ্র চালু হবে।"
ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লি. ২২ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ২০০৭ সালে চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আগামী ১৫ বছর এ কেন্দ্রের বিদ্যুৎ কিনে নেবে।
বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে ১১৫ কোটি টাকা। এই অর্থায়ন করেছে এনসিসি ব্যাংক, বিশ্বব্যংক ও আইপিএফএফ।
বৃহস্পতিবার কেন্দ্রটি উদ্বোধন করা হলেও উৎপাদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর।
ডরিন পাওয়ার নরসিংদিতে ২২ মেগাওয়াট, ফেনীতে ২২ ও ১১ মেগাওয়াটের আরও তিনটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। আগামী ডিসেম্বর ও জানুয়ারি নাগাদ এসব কেন্দ্র উৎপাদনে যাবে।
অন্যদের মধ্যে পিডিবির চেয়ারম্যান শওকত আলী, টাঙ্গাইলের জেলা প্রশাসক মুকসুদুর রহমান পাটোয়ারি, এনসিসি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, বাংলাদেশ ব্যাংকের আইপিএফএফ প্রকল্প পরিচালক আবুল কাশেম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২১০০ ঘ.
bdnews24