২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধাবঞ্চিতদের দুর্নীতি বিষয়ে সচেতন করতে হবে: হাসান মশহুদ

সুবিধাবঞ্চিত মানুষদের দুর্নীতি বিষয়ে সচেতন করে তোলার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

খুলনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুবিধাবঞ্চিত মানুষদের দুর্নীতি বিষয়ে সচেতন করে তোলার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী। তিনি বলেন, "শুধু শিক্ষিত লোকদের দুর্নীতি সম্পর্কে সচেতন হলে হবে না। দিনমজুর রিক্সাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষদেরও এ বিষয়ে সচেতন করে তুলতে হবে।" বৃহস্পতিবার দুপুরে খুলনা সার্কিট হাউসে বিভিন্ন জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোর সঙ্গে মতবিনিময়কালে হাসান মশহুদ এ কথা বলেন। এ সময় তিনি কমিটি প্রতিনিধিদের বিভিন্ন সুপারিশ শোনেন এবং কমিটিগুলোর কার্যক্রম আরও জোরদার করাসহ সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় খুলনা বিভাগের দুর্নীতি দমন কমিশনের পরিচালক মেজর মো. রাশেদ আলীসহ দুদকের কর্মকর্তা ও এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে হাসান মশহুদ নগরীর সরকারি বিএল কলেজে দুর্নীত বিরোধী প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। কলেজের অধ্যক্ষ ড. আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, "আজকের ছাত্ররা ভবিষ্যতের কর্ণধার। আপনাদের দুর্নীতিমুক্ত থাকতে হবে। ভবিষ্যতে আপনারা যেখানেই থাকুন দুর্নীতিমুক্ত থেকে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।" অনুষ্ঠান শেষে তিনি প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিকেলে দিঘলিয়া উপজেলায় সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে 'দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ গ্রহণ' বিষয়ক আরেকটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪১ ঘ.