ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ মনে করেন, আগামী নির্বাচনই হবে তার প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তবে প্রশাসন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারও।
বৃহস্পতিবার বিকালে মন্ত্রিপরিষদ সচিবের কার্যালয়ে আনুষ্ঠানিকভবে দায়িত্ব হাত বদল হওয়ার পর সাংবাদিকদের তারা এসব কথা বলেন।
আলী ইমাম মজুমদার তার উত্তরসূরির হাতে বিভাগের নথিপত্র ছাড়াও ঐতিহ্যবাহী 'ওয়ারবুক' হস্তান্তর করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী ও নবনিযুক্ত সচিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান শেষে আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনকালে তার অভিজ্ঞতা ছিল অত্যন্ত চমৎকার।
তিনি বলেন, "আমি ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যথাযথভাবে ওই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।"
হাতে নেওয়া কোনো কাজ অসমাপ্ত থেকে গেল কি না- এ প্রশ্নের জবাবে আলী ইমাম বলেন, "প্রশাসনের কাজগুলো চলমান প্রক্রিয়া। প্রতিনিয়তই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, এসব চ্যালেঞ্জ মেটানোর উদ্যোগ নিতে হবে। আশা করি, আমার উত্তরসূরি এসব কাজ দায়িত্বশীলতার সঙ্গে পালন করবেন।"
বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের পক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব কি না- জানতে চাইলে তিনি বলেন, "একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান অবশ্যই সম্ভব। তবে এ জন্য সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে নিজের নিজের কাজগুলো করতে হবে।"
নবনিযুক্ত সচিব আবদুল আজিজ বলেন, "এই মুহূর্তে প্রশাসনের সামনে মূল চ্যালেঞ্জ হবে প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করা। আশা করি এ ব্যাপারে সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করবে।"
প্রশাসনিক সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "এটি একটি চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে অনেক কাজ শেষ হয়েছে। যা বাকি আছে, তাও ধারাবাহিকভাবে শেষ করতে হবে। এ ব্যাপারে সবাইকে সহযোহিতা করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২০১০ ঘ.
bdnews24