ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে একটি দুর্নীতি মামলায় দুই মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া সাবেক পূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে আদালত।
হাইর্কোটের দুটি আলাদা বেঞ্চ বৃহস্পতিবার এসব আদেশ দেয়।
খবরের অন্তরালে পত্রিকার হয়ে চাাঁদাবজির মামলায় নাজমুল হুদাকে জামিন দেয় বিচারপতি মো. আরায়েছ উদ্দিন ও বিচারপতি আবু তারিকের বেঞ্চ।
হুদার পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফজলুল করিম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল আজিজ।
কমিশন গত বছর ২১ মার্চ নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোটে সিগমা হুদার বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
নিম্ন আদালত এ মামলায় হুদাকে ৭ বছর এবং সিগমাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে।
এদিকে বিচারপতি তারিক-উল-হাকিম ও ফারাহ মাহবুবের বেঞ্চ বিএনপি নেতা মির্জা আব্বাস ও লুৎফুজ্জামান বাবরের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে।
অন্য মামলায় আটক না থাকলে এই দুই সাবেক সাংসদকে মুক্তি দেওয়ার জন্যও সরকারকে আদেশ দিয়েছে আদালত।
আব্বাস ও বাবরের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৭৩০ ঘ.
bdnews24