২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল বারবার পরিবর্তন করে ষড়যন্ত্রের সুযোগ দেওয়া হচ্ছে: হাসিনা

নির্বাচনের তফসিল বারবার পরিবর্তন করে ষড়যন্ত্রের খেলা খেলার সুযোগ দেওয়া হচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এরপরও তার দল নির্বাচন হওয়ার পক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের তফসিল বারবার পরিবর্তন করে ষড়যন্ত্রের খেলা খেলার সুযোগ দেওয়া হচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এরপরও তার দল নির্বাচন হওয়ার পক্ষে। ধানমণ্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় শেখ হাসিনা এ অভিযোগ করেন। তিনি বলেন, "যাদের স্বার্থে নির্বাচনের তারিখ পেছানো হলো তাদের মনোনয়ন প্রক্রিয়া এখনো শুরুই হয়নি। আর আমরা ইতোমধ্যে আমাদের মনোনয়ন দিয়ে দিয়েছি।" ক্ষমতায় গেলে সবার আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর আশ্বাস দিয়ে হাসিনা বলেন, "ক্ষমতায় গেলে সবার আগে আমাদের কাজ হবে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো। আমাদের খাদ্য নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে এবং খাদ্য উৎপাদন বাড়াতে হবে।" বিমানবন্দরের সামনে থেকে বাউল ভাস্কর্য অপসারণের ঘটনায় বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "বিভিন্ন মুসলিম দেশেও ভাস্কর্য আছে।" মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যেন গঠনমূলক সমালোচনার মূল্যায়ন করা হয়। জবাবে শেখ হাসিনা বলেন, "সমালোচনা ভালো। তবে সমালোচনা যেন শত্র"র হাতের অস্ত্রে পরিণত না হয়।" সভায় বক্তব্য দেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার, মামুন উর রশীদ, আলী যাকের, গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী, আফরোজা বানু ও তারানা হালিম। সাংস্কৃতিক কর্মীরা আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানো, বিটিভি ও বেতারকে স্বায়ত্বশাসন দেওয়া, প্রত্যেক জেলায় শিল্পকলা একাডেমিকে বছরে ১০ লাখ টাকা করে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা এবং স্নাতকোত্তর পর্যন্ত পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের বিষয়টি আবশ্যক করার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/এসএনডি/জিএনএ/১৯২৯ ঘ.