ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রার্থীতা বাতিল করার ক্ষমতাসম্পন্ন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এর ৯১ (ই) ধারা বাতিল করা হবেনা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম ছহুল হোসাইন।
বিএনপি নেতৃত্বাধীন চারদল ধারাটি বাতিলের দাবি জানিয়ে আসছে। অন্যথা নির্বাচন বর্জনের হুমকিও দিয়েছে তারা।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল এম সালাউদ্দিন আহমেদ তার সঙ্গে ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমরা তো বারবার সরকারকে বলেছি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে।"
জরুরি অবস্থা কবে প্রত্যাহার করা হচ্ছে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, "যথাসময়ে তা প্রত্যাহার করা হবে।"
জরুরি ক্ষমতা বিধিমালাসহ বিভিন্ন মামলায় দণ্ডিতরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালায় যারা দণ্ডিত হয়েছেন তারা প্রার্থী হতে পারবেন না।"
একইসঙ্গে তিনি বলেন, "তবে ফৌজদারি কার্যবিধির অধীনে দণ্ডিতরা যদি আপিল করে থাকেন সেক্ষেত্রে তাদের মামলার রায় স্থগিত হলে তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এফএফ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24