ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় বোর্ড।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার পাঁচটি আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। সময় স্বল্পতার জন্য এবার প্রতিটি জেলার প্রার্থীদের একসঙ্গে কথা বলছে নিচ্ছে সংসদীয় বোর্ড।
সংসদীয় বোর্ডে খালেদা জিয়া ছাড়াও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মতিন চৌধুরী, ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান আছেন।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে খালেদা জিয়ার সভাপতিত্বে সংসদীয় বোর্ড সাক্ষাৎকার গ্রহণ শুরু করে। ব্রাহ্মণবাড়ীয়া জেলার প্রার্থীদের দিয়ে সাক্ষাৎকার শুরু হয়।"
বিএনপির মনোনয়ন পেতে ২০৯৬জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন- জানিয়ে তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বা আগামীকাল প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরের খাবার বিরতির আগে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি, কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে ১০টি, চাঁদপুরের পাঁচটি, ফেনীর তিনটি, নোয়াখালীর ছয়টি, লক্ষ্মীপুরের চারটি, চট্টগ্রাম জেলার ১৬টির মধ্যে ১৫টি, কক্সবাজারের চারটির মধ্যে তিনটি, সিলেটের ছয়টি আসনের মধ্যে পাঁচটি, মৌলভীবাজারের চারটি, হবিগঞ্জে চারটি ও সুনামগঞ্জের পাঁচটির মধ্যে চারটি আসনে মোট ৩৬১ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।
সাক্ষাৎকার উপলক্ষে গুলশানের ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সামনে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। মনোনয়ন প্রত্যাশীদের জন্য গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ পার্কের ভেতরে প্যান্ডেল টাঙিয়ে বসার ব্যবস্থা করা হয়। দুপুরে তাদের জন্য দলের পক্ষ থেকেই খাবারের ব্যবস্থা করা হয়েছে।
চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে সংবাদ ব্রিফিঙে রিজভী আহমেদ বলেন, "সাক্ষাৎকার উপলক্ষে মনোনয়ন প্রত্যাশীর ভিড়ে গুলশানের এ এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।"
বৃহস্পতিবার ৮৬ নম্বর সড়কটি বন্ধ করে বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়। সকাল থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছে।
দুপুরের বিরতির পর বেলা ৩টায় বরিশাল বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়। এ বিভাগের ৪৭টি আসনের মধ্যে ৪৫টি ও খুলনায় মোট ৩৬টি আসনের মধ্যে ২৫টিতে মোট ২৮০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
সন্ধ্যার পর শুরু হয় রাজশাহী ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার। বৃহস্পতিবার রাতেই রাজশাহী বিভাগের ৭২টি আসনের মধ্যে ৫৭টিতে ২৭৬ জন এবং ঢাকা বিভাগের ৯৪টি আসনে ১২শ প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।
চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টির জন্য ৩৭টি আসনে বিএনপি কোনো সাক্ষাৎকার নিচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/২০৩৩ ঘ.
bdnews24