ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন বুধবার পর্যন্ত দুই হাজারেরও বেশি মনোনয়নপ্রত্যাশী ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১১ সদস্যের পার্লামেন্টারি বোর্ড প্রার্থীদের সাক্ষাতকার নেবে।
দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বুধবার রাতে সাংবাদিকদের বলেন, "বুধবার রাত ৯টা পর্যন্ত সারাদেশ থেকে ২ হাজারের বেশি প্রার্থীর ফরম জমা পড়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ড বৃহস্পতিবার এসব প্রার্থীর সাক্ষাতকার নেবে।"
এদিকে চারদলের অন্যতম শরীক ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের শীর্ষ নেতারা বুধবার আলাদাভাবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি মুফতি ফজলুল হক আমিনী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন খান ও মহাসচিব আব্দুল লতিফ নেজামী।
লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জোট নেত্রীর কাছে দলীয় আসন নিয়ে কথা বলেছি। আমরা ১৩টি আসন চেয়েছি।"
খেলাফত মজলিসের প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারম্যান মো. ইসাহাক ও মহাসচিব অ্যাডভোকেট আহাম্মেদ আব্দুল কাদের।
বৈঠক শেষে কাদের সাংবাদিকদের জানান, তারা নয়টি আসন চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/এসকে/২২২৪ঘ.
bdnews24