২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিএনপির প্রার্থী বাছাইয়ে দেলোয়ার-খোকা বৈঠক

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের বিষয়ে বুধবার বৈঠক করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের বিষয়ে বুধবার বৈঠক করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় ওই বৈঠক হয়। বৈঠক শেষে ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন সাংবাদিকদের বলেন, "মহাসচিবের সঙ্গে মহানগর বিএনপির সাংগঠনিক অবস্থা ও আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা হয়েছে।" তিনি বলেন, "ঢাকায় বিএনপির শক্ত অবস্থান রয়েছে। এবার ঢাকার আসন সংখ্য্যা বেড়ে ১৫টি হয়েছে। সব কিছু বিবেচনা করে ম্যাডাম (খালেদা) ঢাকার আসনগুলোতে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন।" ২০০১ সালের নির্বাচনে ঢাকা মহানগরীর পুরনো সীমানা অনুযায়ী আটটি আসনের সবগুলোতেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়। আগামী ২৯ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ঢাকার প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়ন ফরম তুলেছেন। আদালতের আদেশ পক্ষে আসায় মেয়র সাদেক হোসেনও আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেন দলীয় নেতারা জানান। তিনি ঢাকা-৬ আসনে প্রার্থী হবেন বলে আভাস দিয়েছেন তারা। রাজধানীর ১৫টি আসনে যারা দলের মনোনয়ন ফরম কিনে তা জমা দিয়েছেন; তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- স্থায়ী কমিটির সদস্য সাবেক সাংসদ অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ (ঢাকা-১২), চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী ও ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত (ঢাকা-৭), বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ (ঢাকা-১৭), মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম (ঢাকা-৮), সাবেক সাংসদ এসএ খালেক, তার ছেলে এসএ মহসিন ও এখলাসউদ্দিন মোল্লা (ঢাকা-১৪), খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম (ঢাকা-১১ ও ১২)। এছাড়া বিভিন্ন ওয়ার্ড কমিশনার এবং ওয়ার্ড নেতারাও বিভিন্ন আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩০ ঘ.