২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, জমা বুধবারের মধ্যে

আসন্ন সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফরম বিক্রি শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 07:10 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফরম বিক্রি শুরু হয়। বুধবার পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া চলবে বলে জানিয়েছেন বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। বিএনপির মনোনয়ন পেতে আগ্রহীদের ১ হাজার টাকা দিয়ে ফরম কিনতে হচ্ছে। জমা দেওয়ার সময় দিতে হবে আরও ২০ হাজার টাকা। ফরমের সঙ্গে একটি হলফনামাও দিতে হচ্ছে মনোনয়ন প্রার্থীদের। তবে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৬৩ আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করছে। ২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনে চারদলীয় জোটের অন্য শরিকদের ছেড়ে দেওয়া ৩৭টি আসনে মনোনয়ন ফরম বিক্রি প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে। রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় মনোনয়নের ফরম বিক্রির কাজ শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) ও কাল (বুধবার) ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। এর পরদিনই শুরু হবে মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার পর্ব।" ফরম বিক্রির জন্য কেন্দ্রীয় কার্যালয়ে ছয়টি বিভাগের জন্য ছয়টি বুধ খোলা হয়েছে। কার্যালয়ের সামনে পুলিশও রয়েছে। দলীয় নেতা-কর্মীরাও ভিড় জমিয়েছেন সেখানে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত যারা মনোনয়ন ফরম কিনেছেন, তাদের মধ্যে রয়েছেন- স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার (পঞ্চগড়-১ আসনে), সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৌলভীবাজার-৩), ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), ব্যারিস্টার মওদুদ আহমেদ (নোয়াখালী-৫), সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান (দিনাজপুর-২), আসম হান্নান শাহ (গাজীপুর-৪, ঢাকা-১৭)। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম সাইফুল ইসলাম ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন। সিরাজগঞ্জ-২ আসনের জন্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজের এবং স্ত্রীর নামে দুটি ফরম কিনেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে কোনও ফরম দুপুর পর্যন্ত কেনা হয়নি। দলীয় নেতারা জানান, ভোটার হওয়ার পরপরই তার নামে ফরম সংগ্রহ করা হবে। বিএনপির দপ্তর থেকে ৩৭টি আসনে ফরম বিক্রি না করার জন্য লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-২, ৩; দিনাজপুর-৬; নীলফামারী-২, ৩; লালমনিরহাট-১; রংপুর-১, ২, ৫; কুড়িগ্রাম-৪; গাইবান্ধা-১, ২, ৩; পাবনা-১, ৫; চুয়াডাঙ্গা- ২; যশোর-২, ৫, ৬; বাগেরহাট-৩, ৪; খুলনা-৫, ৬; সাতক্ষীরা-২, ৩, ৫; বরগুনা-১; পিরোজপুর-১; ভোলা-১; শেরপুর-১; সুনামগঞ্জ-২, ৩; সিলেট- ৬; ব্রাক্ষণবাড়িয়া-২; কুমিল্লা ১২; চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-২। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ ইতোমধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.