ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এর ৯১ (ই) ধারা স্থগিত সাপেক্ষে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চারদলীয় জোট।
সোমবার রাতে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের মধ্যে (১১ ডিসেম্বর) এ দুটি শর্ত বাস্তবায়নের ঘোষণা না হলে নির্বাচনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে চারদল।"
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে চারদলীয় জোটের এ বৈঠক হয়। রাত সাড়ে ৯টা থেকে একঘণ্টার এ বৈঠকে নির্বাচনে অংশগ্রহণ ও জোটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়।
খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "আমরা নির্বাচনে অংশ নিতে চাই। কিন্তু নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও সবদলের অংশগ্রহণমূলক। জরুরি অবস্থা বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সে কারণেই আমরা বলছি, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের মধ্যে অথবা পরেরদিন থেকে জরুরি অবস্থা পুরোপুরি তুলে নিতে হবে।"
এর আগে একই স্থানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় বিএনপি।
পরে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
চারদলের বৈঠকের পর বিএনপি মহাসচিব জানান, প্রথমে বিএনপির দলীয় পর্যায়ে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হবে। পরে চারদলের বৈঠকে শরীকদের সঙ্গে আসন বণ্টনের বিষয়টি ফয়সালা হবে।
দেলোয়ার বলেন, "সময় সংক্ষিপ্ত; তাই দ্রুততার সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।"
অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন সাঈদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন ও খেলাফত মজলিসের আমীর অধ্যাক্ষ মাওলানা মো. ইসাহাক ও মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদের চারদলের বৈঠকে উপস্থিত ছিলেন।
এদিকে আরেক প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ পুনর্র্নিধারিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত মেনে নিয়েছে। তবে জরুরি অবস্থা প্রত্যাহার ও উপজেলা নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের জোরালো দাবি জানিয়েছে দলটি।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে নবম সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের তফসিলে তৃতীয় দফা পরিবর্তন করে রোববার নতুন সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এতে আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন ও ২০০৯ এর ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন। এতে বলা হয়, আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন ও ২০০৯ এর ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর।
আর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৭ থেকে ১৯ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24