ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে 'পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)' নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম সোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বালানি খাতের জন্য পিপিপি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।"
তিনি বলেন, "বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পুরানো বিদ্যুৎ কেন্দ্রের সংস্কার ও অদক্ষ কেন্দ্রগুলোর দক্ষতা বাড়াতে এ নীতিমালা তৈরি করা হয়েছে। বিদ্যুৎ উপাদন বাড়াতে এই নীতিমালা নতুন সুযোগ তৈরি করবে।"
নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছ থেকে লাইসেন্স নিয়ে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। উদ্যোক্তারা নিজেরাই ক্রেতা খুঁজে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন, তবে তাদের মোট উৎপাদিত বিদ্যুতের ২০ শতাংশ সরকারের কাছে বিক্রি করতে হবে। এছাড়া বড় গ্রাহকদের ক্ষেত্রে নিজেরাই বিদ্যুতের দাম নির্ধারণ করতে পারবেন বেসরকারি উৎপাদকরা।
লাইসেন্সপ্রাপ্ত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বেসরকারি উৎপাদকদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারবেন তবে বিদ্যুৎ পাওয়া না পাওয়ার ক্ষেত্রে সরকার কোনো দায় নেবে না।
এছাড়া নতুন স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লাভিত্তিক বা আমদানি করা জ্বালানিভিত্তিক হতে হবে বলে নীতিমালায় বলা হয়। এক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ বা জ্বালানি উৎস বেসরকারি উদ্যোক্তাকেই নিশ্চিত করতে হবে এবং এজন্য সরকারকে 'সারর্চার্জ' দিতে হবে। জ্বালানির জন্য সরকার কোনো দায়-দায়িত্ব নেবে না।
নতুন এই নীতিমালা অনুযায়ী, সরকারি পুরানো ও 'অদক্ষ' বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দেশি বেসরকারি উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া যাবে। এক্ষেত্রে চুক্তির পর থেকে ওই কেন্দ্রগুলোর পুনর্বাসন, মালিকানা ও পরিচালনা অথবা পুনর্বাসন, মালিকানা ও হস্তান্তর আগের 'জ্বালানি ক্রয় চুক্তি' অনুযায়ী সম্পাদিত হবে। পুরানো কেন্দ্রের যোগ্য কর্মীরা বেসরকারি মালিকানায় চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
সরকারি বিদ্যুৎ সেবা প্রতিষ্ঠানগুলো বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবে। এসব বিশেষ প্রকল্পের ক্ষেত্রে কমপক্ষে ৫১ শতাংশ মালিকানা থাকবে দেশি বেসরকারি উদ্যোক্তার।
পিজিসিবিসহ অন্যান্য লাইসেন্সধারী বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দামের ভিত্তিতে সরবরাহ লাইন ব্যবহারের সুযোগ পাবেন। ৫০০ মেগাওয়াটের সরবরাহ ক্ষমতা সম্পন্ন কোনো প্রতিষ্ঠান বাজারে আসার আগ পর্যন্ত পিজিসিবি মার্কেট অপারেটর হিসেবে দায়িত্বপালন করবে। পরে নতুন স্বাধীন মার্কেট অপারেটর প্রতিষ্ঠা করা হবে।
গ্রিড কোডের অধীনে বেসরকারি সরবরাহকারীরা বড় গ্রাহকদের ক্ষেত্রে নিজস্ব সরবরাহ লাইন বসাতে পারবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমআরএফ/টিএইচ/এসকে/২৩০৪ঘ.
bdnews24