২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাধিক প্রার্থী রাখার কৌশল নিচ্ছে আ'লীগ

যেসব প্রার্থীর ঋণ এখনো পুনঃতফসিল করা হয়নি, তাদের আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কৌশল নিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব প্রার্থীর ঋণ এখনো পুনঃতফসিল করা হয়নি, তাদের আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কৌশল নিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "এমন একটি সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। ঋণখেলাপী হওয়া ছাড়াও বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিল হতে পারে। এজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের সময় প্রার্থী মনোনয়নের বিষয়টিও চূড়ান্ত করা হবে।" নাম প্রকাশ না করার শর্তে দলটির একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার আওয়ামী লীগ সভানেত্রী তার ধানমন্ডির কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।" তিনি জানান, নির্বাচন কমিশন প্রার্থীদের মনোনয়ন বাছাই চূড়ান্ত করার পর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি আসনে একজন করে প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কমিশনকে চিঠি দেওয়া হবে। নেতারা বলছেন, যেহেতু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১ এর (ই) ধারা বাতিল বা প্রত্যাহার করা হয়নি, সেহেতু নির্বাচন কমিশনের হাতে প্রার্থিতা বাতিলের ক্ষমতা থেকেই যাচ্ছে। তাছাড়া চার দলীয় জোট যাতে আওয়ামী লীগ প্রার্থীদের দলে টানতে না পারে সে বিষয়েও সতর্ক থাকতে চাইছে দলটি। আর এসব কারণেই একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়ার কৌশল নিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২২৫৮ঘ.