২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ তারিখ নির্বাচন মেনে নিয়েছে আ'লীগ

পুনর্র্নিধারিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত মেনে নিয়েছে আওয়ামী লীগ। তবে একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার ও উপজেলা নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবি জানিয়েছে দলটি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্র্নিধারিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত মেনে নিয়েছে আওয়ামী লীগ। তবে একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার ও উপজেলা নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবি জানিয়েছে দলটি। সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মহাজোটের বৈঠক চলাকালীন এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান। আশরাফ জানান, এটিই তার দলের 'আনুষ্ঠানিক প্রতিক্রিয়া'। আশরাফ বলেন, "আমরা দায়িত্বপূর্ণভাবে বিবেচনা করে এই তফসিল মেনে নিচ্ছি। নির্বাচন আর পেছানো যাবে না। নির্বাচনের তারিখ পেছানোর আর কোনো উপায় নেই। নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র থাকলে তাহলেই তা পেছাতে পারে।" তবে একইসঙ্গে তিনি 'অবশ্যই' নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার এবং উপজেলা নির্বাচনের তফসিল বাতিল করে জাতীয় নির্বাচনের পর নতুন করে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের তারিখ দেওয়ার দাবি তোলেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ সরকার আখ্যায়িত করে আশরাফুল বলেন, "জনগণ এই সরকারকে আর দেখতে চায় না। এই সরকারের ম্যান্ডেট ৩১ ডিসেম্বর পর্যন্ত।" তবে এই সরকার শেষ পর্যন্ত তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে এই আশা প্রকাশ করে আওয়ামী লীগ মুখপাত্র বলেন, "আমরা আশা করি সরকার পিছপা হবে না। পিছপা হয়ে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিলে তার দায়-দায়িত্ব এ সরকারকেই নিতে হবে।" মহাজোট হিসেবে জয়যুক্ত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন আশরাফুল। নবম সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের তফসিলে তৃতীয় দফা পরিবর্তন করে নির্বাচন কমিশন (ইসি) রোববার নতুন সময়সূচি ঘোষণা করে। এতে বলা হয়, আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন ও ২০০৯ এর ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন হবে। নতুন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর। আর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৭ থেকে ১৯ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আরেক প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতেই এই নতুন সময়সূচিকে স্বাগত জানান। তবে তিনিও জরুরি অবস্থা প্রত্যাহার ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১ (ই) ধারা অন্তত স্থগিতের 'শর্ত' দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএউএম/জেকে/এসকে/২০১২ঘ.