চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকি ও দুর্নীতির মামলাসহ তিনটি মামলায় রোববার আদালতে হাজিরা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান পৃথক এই তিন মামলার আইনজীবীদের বক্তব্য শুনে শুনানির নতুন তারিখ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি একেএম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য হয়েছে।
এছাড়া করপোরেশনের আবর্জনা অপসারণের জন্য ট্রাক ভাড়া করা নিয়ে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকের অন্য মামলাটির সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও রোববার তা হয়নি। আদালত আগামী ২০ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে বলে জানান তিনি।
আসামিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মামলাটিতে হাইকোর্টের দুই সপ্তাহের স্থগিতাদেশের সময়সীমা শেষে মেয়র রোববার আদালতে হাজির হন। আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিচারক হাইকোর্টের পরবর্তী নির্দেশের জন্য সময় মঞ্জুর করেন।"
আয় গোপন এবং হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে আয়কর বিবরণী জমা দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৭ জুলাই মহানগর দায়রা জজ আদালতে আয়কর ফাঁকির মামলাটি দায়ের করা হয়।
অন্যদিকে, সম্পতির তথ্য গোপনের মামলাটি দায়ের হয় ২০০৭ সালের ২ ডিসেম্বর।
১৯৯৮ সালে সিটি করপোরেশনের আবর্জনা অপসারণের জন্য ট্রাক ভাড়ায় দুর্নীতি হয়েছে- এ অভিযোগে মেয়র মহিউদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো অন্য মামলাটি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/১৮৪১ঘ.
bdnews24