রংপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-২ (বদরগঞ্জ, তারাগঞ্জ) আসনে মোহাম্মদ আলী সরকারকে জাতীয় পার্টির মনোনয়ন না দেওয়ায় বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন এবং ৯০টি ওয়ার্ডের সব নেতা শনিবার পদত্যাগ করেছেন।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে বদরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের বিক্ষুদ্ধ কর্মীরা।
শনিবার রাতে দলের বদরগঞ্জ উপজেলা কার্যালয়ে এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
জাতীয় পার্টি এ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী আনিস মণ্ডলকে মনোনয়ন দিয়েছে।
সোহরাব হোসেনের সভাপতিত্বে বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভায় অন্যদের মধ্যে বক্তব দেন উপজেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, শ্রমিক পার্টি নেতা সালাম মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন প্রমুখ।
উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রায় দুই হাজার নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন।
সভায় আকমল হোসেন এরশাদকে 'সত্যিকার অর্থেই স্বৈরাচার' আখ্যা দিয়ে দুই কোটি টাকা চাঁদা নিয়ে প্রবাসী আনিস মণ্ডলকে দলের মনোনয়ন দেওয়ার দায়ে অভিযুক্ত করেন।
আমিনুল ইসলাম অভিযোগ করেন, "যারা দুর্দিনে ত্যাগ স্বীকার করে দলকে আগলে রেখেছিল, তাদের বাদ দিয়ে গণবিচ্ছিন্ন ব্যক্তিদের নিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছেন এরশাদ।"
সভা চলাকালীন ঢাকায় অবস্থানকারী বদরগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আলী সরকার মোবাইল ফোনে জাপা থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জানান, তিনি রংপুর-২ (বদরগঞ্জ, তারাগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন।
তার এ বক্তব্য সভা চলাকালীন মাইকে প্রচার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এসকে/২৩২২ঘ.
bdnews24