ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণে রোববার জাতিসংঘের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ঢাকা আসছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত অক্টোবরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশ সফরে এসে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর ঘোষণা দিয়ে যান। তার ঘোষণা অনুযায়ী ওই প্যানেলটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।
জাতিসংঘের নিউইয়র্ক সদরদপ্তর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের অনুরোধে পর্যবেক্ষক প্যানেলটি বাংলাদেশে আসছে।
স্থানীয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) দপ্তর থেকে জানানো হয়েছে, সফর শেষে ফিরে গিয়ে প্রতিনিধি দলটি মহাসচিবের কাছে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেবে। পাশাপাশি তারা বিভিন্ন বিষয়ে সুপারিশও করবে।
তিন সদস্যের প্রতিনিধি দলটি ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। পরে নির্বাচনের আগে এক সপ্তাহের জন্য আবারও আসবে তারা।
সাবেক জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তান বিষয়ক ব্যক্তিগত প্রতিনিধি ফ্রান্সেস ভেনড্রেলের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন, নেপালের প্রধান নির্বাচন কমিশনার ভোজরাজ পোখারেল এবং জাতিসংঘের নির্বাচন সহযোগী বিভাগের উপপরিচালক অ্যারাসেলি সান্টানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২৩১৫ঘ.
bdnews24