২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরিকদের আসন দেওয়া ঠেকাতে তৎপর চট্টগ্রাম আ'লীগের প্রার্থীরা

চট্টগ্রামের আসনগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মহাজোটের শরিক দলগুলোর নেতাদের কাছে আসন ছেড়ে দেওয়া ঠেকাতে ব্যস্ত। সমঝোতা অনুযায়ী আগে সব খানে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হলেও পরে বোঝাপড়ার মাধ্যমে জোটের কারো জন্য ছেড়ে দেওয়ার কথা। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা ও মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

রুহুল আমিন রানা ও মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আসনগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মহাজোটের শরিক দলগুলোর নেতাদের কাছে আসন ছেড়ে দেওয়া ঠেকাতে ব্যস্ত। সমঝোতা অনুযায়ী আগে সব খানে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হলেও পরে বোঝাপড়ার মাধ্যমে জোটের কারো জন্য ছেড়ে দেওয়ার কথা। এ অবস্থায় চট্টগ্রামে মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে দলীয় সভানেত্রীর সঙ্গে আলোচনা করতে রোববার ঢাকা যাচ্ছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। স্থানীয় নেতাদের কয়েকজন নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অনেকেই দলীয় সভানেত্রীকে বোঝানোর পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও আলোচনা করছেন। কেউ কেউ মহিউদ্দিন চৌধুরীর দ্বারস্থ হয়েছেন। কাজেই চট্টগ্রামে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করলেও-একদিকে মনোনয়ন নিয়ে অন্তঃদ্বন্দ্ব, অপরদিকে শরিকদের কাছে আসন ছেড়ে দেওয়া নিয়ে মহানগর ও জেলা আওয়ামী লীগে বর্তমানে এক ধরনের প্রাক-নির্বাচন সঙ্কট দেখা দিয়েছে। কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থীরা শেষ মুহূর্তেও চূড়ান্ত মনোনয়ন পেতে তদবির চালিয়ে যাচ্ছেন। জেলার ১৬টি আসনের মধ্যে মহানগরীর একটিসহ অন্তত ছয়টি আসনে মহাজোটভুক্ত এলডিপি, জাতীয় পার্টি ও জাসদ নিজেদের প্রার্থীকে মনোনয়ন দিতে আওয়ামী লীগের কাছে দাবি করেছে বলে সংশ্লিষ্ট দলের নেতারা জানিয়েছেন। শনিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকায় মহাজোটের শরীকদের সঙ্গে আসন ভাগাভাগি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে বৈঠক হয়েছে। এ বৈঠককে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সমর্থন আদায়ের জন্য মহাজোটের কারণে মনোনয়ন না পেতে পারেন চট্টগ্রামের এমন কয়েকজন প্রার্থী ঢাকায় অবস্থান করেন। মেয়র মহিউদ্দিন চৌধুরী শনিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারদলীয় জোটের বিগত অপকর্মের হাত থেকে দেশকে উদ্ধার করতে এ মহাজোট গঠন করা হয়েছে। জোটগতভাবে নির্বাচন করলে অবশ্যই তাদের কিছু আসন ছাড়তে হবে।" তবে সিটি মেয়র ও চট্টগ্রামের শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতারা আসন্ন নির্বাচনে মহাজোটের অন্য দলগুলোকে যত কম আসন দিয়ে এবারের নির্বাচনে সাফল্য পাওয়া যায় তার চেষ্টা চালাচ্ছেন। বিগত ২০০১ সালের নির্বাচনে চট্টগ্রামের ১৫টি আসনের মাত্র দুটিতে জয়ী হয় আওয়ামী লীগ। এবার জোটের সুবিধা নিয়ে তারা সর্বোচ্চসংখ্যক আসনে জয়ী হতে চায়। রোববার শেখ হাসিনার সঙ্গে দেখা করে চট্টগ্রামে মহাজোটের আসন নিয়ে আলোচনা করবেন জানিয়ে মহিউদ্দীন চৌধুরী বলেন, "বড়জোর তিনটি আসন জোটের শরিকদের ছেড়ে দেওয়া যেতে পারে। আওয়ামী লীগের পরীক্ষিত প্রার্থীদের বাদ দিয়ে ঢালাওভাবে শরিকদের আসন ছেড়ে দিলে দল ক্ষতিগ্রস্ত হতে পারে।" তবে মহিউদ্দিন চৌধুরী এ-ও বলেন, "অনেক আসনে জোটের শরিকদের প্রার্থী স্থানীয় নেতা-কর্মীদের মনঃপূত না হলেও জোটের স্বার্থে তাদেরকে জয়ী করতে সবাই কাজ করবে।" মহাজোটের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল নগরীর চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী), জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৪ (হাটহাজারী), জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জিয়াউদ্দিন বাবলু চট্টগ্রাম-৫ (রাউজান) এবং এলডিপির অলি আহমদসহ অন্য নেতারা চট্টগ্রাম-১১ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) ও চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনে মহাজোটের শরিক হিসাবে মনোনয়নের দাবি জানিয়েছে। কর্নেল (অব.) অলি আহমেদ তিনটি আসনে (পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া) এবং মঈনুদ্দিন খান বাদল চান্দগাঁও বোয়ালখালী আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ আসনগুলোর মধ্যে আওয়ামী লীগ হাটহাজারী, চন্দনাইশ এবং চান্দগাঁও-বোয়ালখালী আসন যথাক্রমে জাতীয় পার্টি, এলডিপি এবং জাসদকে ছেড়ে দিতে পারে বলে জানা গেছে। এলডিপি সভাপতি কর্নেল অলি জেলার তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া এবং জোটগতভাবে নির্বাচন করা প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া এবং সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত।" দক্ষিণ চট্টগ্রামের তিনটি আসনের দাবিতে অটল থাকবেন কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আসন ভাগাভাগির বিষয়টি আলোচনা শেষে বিস্তারিত বলা যাবে।" মহাজোট থেকে মনোনয়ন লাভ প্রসঙ্গে জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল বলেন, "চান্দগাঁও-বোয়ালখালী আসনে জাসদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি, জোটগত নির্বাচন হলে ওই আসন থেকে আমিই প্রতিদ্বন্দ্বিতা করব।" তিনি বলেন, "শেখ হাসিনা মনোনয়ন প্রদানের পাশাপাশি দলীয় প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন প্রত্যাহারের অঙ্গীকারের চিঠিও নিয়ে রেখেছেন। সুতরাং আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত এ মনোনয়ন 'ফাইনাল না'। জোটের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থীকে প্রত্যাহার করা হবে।" আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ তিনটি আসন শরীকদের ছেড়ে দিতে হবে বলে তারা মনে করছেন। তাদের ধারণা, এগুলোর বাইরের আসন ছেড়ে দিলে মাঠ পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেবে। তবে এ তিনটি আসনে কেন্দ্রীয়ভাবে মনোনীত আওয়ামী লীগের প্রার্থীরা নিজেরা নির্বাচন করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চান্দগাঁও-বোয়ালখালী ও হাটহাজারী আসনের মনোনীত আব্দুছ ছালাম ও এম এ সালাম উভয়েই এ দুটি আসন ছেড়ে দেওয়া প্রসঙ্গে আলোচনা চলার কথা উল্লেখ করে বলেন তারা হাল ছাড়েননি। আব্দুছ ছালাম ও এম এ সালাম বলেন, এ দুটি আসনে যাদেরকে মনোনয়ন দেওয়ার কথা ভাবা হচ্ছে তারা নিজ দলের পক্ষে গতবারের নির্বাচনে প্রতিযোগিতাই করতে পারেননি। জনমত পক্ষে না থাকায় এবার তাদের মহাজোটের পক্ষে মনোনয়ন দেওয়া হলে বিপক্ষ দলকেই সুবিধা করে দেওয়া হবে বলে মন্তব্য করেন তারা। তবে দলের বাইরে কোন সিদ্ধান্ত নেবেন না বলেও জানিয়েছেন এ দুই নেতা। এদিকে মনোনয়ন না পেতে পারেন আওয়ামী লীগের এমন কয়েকজন প্রার্থী শরিকদের মেনে না নিতে সংশ্লিষ্ট এলাকায় প্রচারণা শুরু করেছেন। অনেকে সমর্থকদের দিয়ে সংবাদ সম্মেলন করে কিংবা দলীয় ফোরামে অন্য দলের প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার দাবি জানাচ্ছেন। কেউ কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করারও ইঙ্গিত দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএল/এসকে/২২৫৫ঘ.