ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থকদের সঙ্গে শনিবার সন্ধ্যার পর শেখ হাসিনার ভিডিও কনফারেন্স করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা শেখ হাসিনার ধানমণ্ডির বাসভবন সুধা সদনের বাইরে অবস্থান নিয়ে আছে।
সভানেত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ রাত সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে বৈঠকের কারণে ভিডিও কনফারেন্সটি হয়নি। রাত ৯টা পর্যন্ত মহাজোটের বৈঠক চলে।
পরে সেটি আর আয়োজন করা হবে কিনা তা বলেননি তথ্য সচিব।
এর আগে বিকেলে সাংবাদিকদের তিনি বলেছিলেন, "ভিডিও কনফারেন্সের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সুধা সদনের ফটকের সামনে একটি ৪২ ইঞ্চি এলসিডি মনিটর ও ওয়েবক্যাম বসানো হয়েছে। শেখ হাসিনা বাড়ির ভেতর থেকে এবং কর্মী-সমর্থকরা বাইরে থেকে এতে অংশ নেবেন। মনিটরের একটি অংশে শেখ হাসিনাকে এবং অন্য অংশে কর্মীদের দেখা যাবে। সন্ধ্যার পর কোনো এক সময় এই কনফারেন্স হবে।"
বেলা সাড়ে ৩টার দিকে এক দফা পরীক্ষামূলক কনফারেন্সও করেন শেখ হাসিনা। সে সময় তিনি বাড়ির বাইরে থাকা দলীয় কর্মী ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, "নিরাপত্তার খাতিরে মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে সামনাসামনি কথা বলা সভানেত্রীর পক্ষে সম্ভব নয়। এ জন্যই ভিডিও কনফারেন্সের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি সবার সঙ্গেই কথা বলতে পারবেন।"
আওয়ামী লীগ ইতোমধ্যে প্রায় সব আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। মনোনয়ন পাওয়া প্রার্থীদের গত সোমবার থেকে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি দেওয়া শুরু হয়।
যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা গত মঙ্গলবার থেকেই সুধা সদনের সামনে বিক্ষোভ করছেন। পিরোজপুর- ২ আসনে মনোনয়ন চেয়ে ব্যর্থ অধ্যক্ষ শাহ আলমের সমর্থকরা শুক্রবার সকাল থেকে অনশনও শুরু করেছে।
এবারই প্রথম তৃণমূল এলাকার নেতাদের ভোটে প্রার্থী মনোনয়নের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ যা সংশোধিত নির্বাচনী আইনের অন্যতম শর্ত। এ প্রক্রিয়ার কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসএনডি/২২১০ঘ.
bdnews24