ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে।
শুক্রবার নেত্রকোনা-৩ আসনে ইফতেফার উদ্দিন তালুকদার পিন্টুর সমর্থকরা সড়ক অবরোধ এবং মনোনীত প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করেছে।
রাজশাহীর চার আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জানিয়ে গণ পদত্যাগের হুমকি দিয়েছে নেতাকর্মীরা। কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও দলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুকে মনোনয়ন না দেওয়ায় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শুক্রবার দুপুরে রেন্ট্রিতলা এলাকায় নেত্রকোনা-কেন্দুয়া সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, যুগ্ম সম্পাদক নুরুল আমীন, গোলাম রব্বানী, মজিবুর রহমান, ফজলুর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে তৃণমূল নেতাকর্মীদের মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মঞ্জুর কাদের কোরাইশীর পরিবর্তে ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
রাজশাহী: রাজশাহীর চারটি আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানানো হয় শুক্রবার বিকেলে মহানগরীর পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজশাহী-৩ (পবা-মোহনপুর), রাজশাহী-৪ (বাগমারা), রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে তৃণমূল নেতৃবৃন্দ যথাক্রমে জিনাতুন নেসা তালুকদার, সরদার আমজাদ হোসেন, তাজুল ইসলাম মো. ফারুক ও রায়হানুল হকসহ দলের ত্যাগী নেতাদের নাম সুপারিশ করেছিলেন।
কিন্তু তৃণমূল নেতাদের সুপারিশ উপেক্ষা করে রাজশাহী-৩, ৪, ৫ ও ৬ আসনে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কহীন ব্যবসায়ী যথাক্রমে মিরাজ মোল্লা, ইঞ্জিনিয়ার এনামুল হক, আব্দুল ওয়াদুদ দারা ও শাহরিয়ার আলমকে মনোনয়ন দেওয়া হয়।
এ কারণে রাজশাহীর ছয়টি আসনে আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থীদের ভরাডুবি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেছেন- অন্যথায় তারা গণপদত্যাগে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ-উন নবী আহসান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ তাজুল ইসলাম মো. ফারুক, চারঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রায়হানুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুস সামাদ প্রমুখ।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম-৩ (উলিপুর ও রাজারহাট আংশিক) আসনে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুলু সরকারকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থক নেতা-কর্মীরা শুক্রবার উলিপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও দলের উপজেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।
তারা এ আসনে নাসিমা বানুর মনোনয়ন বাতিল করে ফুলু সরকারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
উলিপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু জানান, তৃণমূল নেতাদের সর্বোচ্চ ভোট পান ফুলু সরকার। আর সবচেয়ে কম ভোট পেয়ে পাঁচ জনের মধ্যে নাসিমা বানু ছিলেন তালিকায় সবার শেষে। তৃণমুল নেতাদের এই মতামতকে উপেক্ষা করায় তারা হতাশ।
উপজেলা সভাপতি আব্দুল মজিদ এ মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
এদিকে দলের উলিপুর এলাকার প্রভাবশালী নেতা ও জেলা ত্রাণ বিষয়ক সম্পাদক সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে জানান, অধিকাংশ নেতা-কর্মী মনোনয়নের ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্তের পক্ষে রয়েছেন। যা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা।
মনোনয়ন প্রাপ্ত নাসিমা বানু বলেছেন- বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও তালা ঝোলানো সবই সাজানো নাটক। টাকার বিনিময়ে ভাড়াটে লোক দিয়ে এসব করা হচ্ছে। দলীয় কার্যালয়ে গত বুধবার নেতা কর্মীরা তাকে সংবর্ধনা দিয়েছে এবং ফুলু সরকারসহ অন্য নেতা-কর্মীরা তাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24