ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফা জাফর উল্যাহ ও তার ছেলে কাজী ওমর জাফরের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা করবে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বৃহস্পতিবার মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
নিলুফা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর স্ত্রী।
হানিফ ইকবাল জানান, নিলুফার বিরুদ্ধে ৩ কোটি ৬০ লাখ ৬২ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন ও এর তথ্য গোপনের অভিযোগ আনা হবে।
অন্যদিকে, ওমর জাফরের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ৮৮ লাখ ৮৭ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ করবে কমিশন।
এছাড়া কমিশন বাংলাদেশ স্টিল করপোরেশনের চেয়ারম্যান সুলতান আহমেদ শিকদারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/২৩২৭ঘ.
bdnews24