মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া বৃহস্পতিবার শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন দেওয়া হয়েছে ৩৭টি দলকে। দল নিবন্ধনের এই প্রক্রিয়া বাংলাদেশে এই প্রথম।
বিধি অনুযায়ী, আসন্ন সংসদ নির্বাচনে শুধু নিবন্ধিত দলগুলোই অংশ নিতে পারবে। অনিবন্ধিত দলগুলোর রাজনৈতিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে কোনও বাধা না থাকলেও তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।
গত ২৬ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১০৭টি দল নিবন্ধনের জন্য আবেদন জানালেও যাচাই-বাছাই করে মোট ৩৭টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়া হলো। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর নির্বাচনের ২৮ দিন আগে নিবন্ধন প্রক্রিয়া শেষ করলো ইসি।
২০ অক্টোবর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিকে (এলডিপি) প্রথম নিবন্ধন সনদ তুলে দেয় ইসি। সর্বশেষ দিন বৃহস্পতিবার নিবন্ধন দেওয়া হয় পাঁচটি দলকে। নিবন্ধিত দলগুলোকে প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে, যা নিয়ে তারা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ইসির নিবন্ধন যাচাই-বাছাই কমিটির প্রধান নূরুল ইসলাম খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নবম সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম আজ (বৃহস্পতিবার) শেষ হয়েছে।"
নিবন্ধনের প্রক্রিয়াটি 'চলমান' উল্লেখ করে ইসির এই যুগ্মসচিব জানান, নবম সংসদ নির্বাচনের আগে নতুন করে কোনও দলকে নিবন্ধন দেওয়া না হলেও শর্ত পূরণ সাপেক্ষে আগামীতে দল নিবন্ধনের প্রক্রিয়া চলবে।
কমিটির সদস্য সচিব ফরহাদ আহম্মদ খান জানান, এবারের নির্বাচনে ৩৭টি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে এবং তাদের অনুকূলে প্রতীকও বরাদ্দ হয়েছে।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধনের জন্য দলগুলোকে গঠনতন্ত্র, নির্বাচনী ইস্তেহার (যদি থাকে), তহবিলের উৎসের বিবরণ, ব্যাংক হিসাবসহ ১০টি বিষয়ে কাগজপত্র ইসি সচিব বরাবর জমা দিতে হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশে দলের নিবন্ধনের শর্তের মধ্যে ছিল- দেশ স্বাধীন হওয়ার পর থেকে কমপক্ষে একটি সংসদীয় আসন লাভ অথবা যে কোনও একটি নির্বাচনে অংশগ্রহণকৃত আসনে প্রদত্ত মোট ভোটের ৫ শতাংশ অর্জন অথবা অন্যূন ১০টি প্রশাসনিক জেলায় দলের কার্যকর জেলা কমিটি এবং অন্যূন ৫০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় কমিটি থাকা।
নিবন্ধিত দলগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ (প্রতীক-নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (ধানের শীষ), জাতীয় পার্টি-এরশাদ (লাঙল), বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (মশাল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি (কাস্তে), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি), বিকল্পধারা বাংলাদেশ (কুলা), গণফোরাম (উদীয়মান সূর্য), জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল), কৃষক-শ্রমিক জনতা লীগ (গামছা), এলডিপি (ছাতা), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (কুঁড়েঘর), গণতন্ত্রী পার্টি (কবুতর)।
এছাড়াও রয়েছে- বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (গরুর গাড়ি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মই), বাংলাদেশের সাম্যবাদী দল (চাকা), বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ), ডা. এমএ মতিন নেতৃত্বধীন বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ (গাভী), জাকের পার্টি (গোলাপ ফুল), বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (তারা), বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), ন্যাশনাল পিপলস পার্টি (আম), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (খেজুরগাছ), গণফ্রন্ট (মাছ), প্রগতিশীল গণতান্ত্রিক দল (বাঘ), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার), বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি), ইসলামী ঐক্যজোট (মিনার), বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (হুক্কা) ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল)।
আবেদন করেও নিবন্ধন না পাওয়া দলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), জাতীয় গণতান্ত্রিক পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১৪০ ঘ.
bdnews24