ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট-১ (ফরিকহাট-মোল্লাহাট-চিতলমারী) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোয়নপত্র বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে।
নবম জাতীয় সংসদ নির্বাচনে হাসিনা বাগেরহাট-১, রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসন থেকে প্রার্থী হচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, দুপুর ১টার দিকে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুনিম হাসানের কাছে হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মুনিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোনয়নপত্রে প্রস্তাবকারী হয়েছেন- চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহন আলী বিশ্বাস। আর সমর্থনকারী হয়েছেন- ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাস।
তিনি জানান, মনোনয়নপত্রের আরও দুটি অনুলিপি চিতলমারী ও ফকিরহাটের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।
রংপুর প্রতিনিধি জানান, বিকেল ৩টা ২৫ মিনিটে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু শাহীন মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ও হাসিনার জা রওশন আরা ওয়াহেদ।
মনোনয়নপত্রে প্রস্তাবকারী হয়েছেন- রওশন আরা ওয়াহেদ এবং সমর্থনকারী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর।
রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল আহাদ শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসিনা ছাড়াও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আনিসুল হক চৌধুরী এবং রংপুর-৩ (সদর) আসনে গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আফজাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/১৯১৩ঘ.
bdnews24