ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হজে যাবার অনুমতি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর হজ শেষে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে একটি দুর্নীতি মামলার আসামী এ মেয়রকে।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ মেয়র মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। পাশাপাশি হজ পালনের জন্য মেয়রকে সৌদি আরব যাওয়ার অনুমতি না দেওয়ার সরকারের আদেশ স্থগিত করে দেয় আদালত।
এছাড়া ওই আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে সরকারকে।
আদেশের পর মেয়র মহিউদ্দিনের একজন আইনজীবী হরিসাধন দেব ব্রহ্ম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র মহিউদ্দিনকে হজে যাবার অনুমতি দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মেয়র মহিউদ্দিন ২২ নভেম্বর হজ পালনে সৌদি আরব যাবেন। ১৪ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।"
মেয়রের পক্ষে শুনানিতে ড. কামাল হোসেন বলেন, "গত ২ নভেম্বর মেয়র মহিউদ্দিন হজে যাবার জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। ১৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সে অনুমতি দেয়নি। মেয়র মহিউদ্দিনের ২২ নভেম্বর হজে যাবার দিন ধার্য রয়েছে। এখন অনুমতি না দিলে তিনি হজে যেতে পারবেন না।"
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল বলেন, "মেয়র মহিউদ্দিনকে কেবল চিকিৎসার জন্য বিদেশে যেতে জামিন দিয়েছিল হাইকোর্ট।"
গত ৩০ সেপ্টেম্বর মেয়র মহিউদ্দিনকে বিজয় টিভি দুর্নীতি মামলায় স্বাস্থ্যগত কারণে জামিন দেয় হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/১৮৫৮ঘ.
bdnews24