২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন পেতে এখনো আশাবাদী ইউসুফ আবদুল্লাহ হারুন

কুমিল্লা -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া ব্যবসায়ী ইউসুফ আবদুল্লাহ হারুন। অন্য একজনকে মনোনয়ন দেওয়া হলেও তিনি এখনো ওই আসনে মনোনয়ন পাওয়ার আশা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া ব্যবসায়ী ইউসুফ আবদুল্লাহ হারুন। অন্য একজনকে মনোনয়ন দেওয়া হলেও তিনি এখনো ওই আসনে মনোনয়ন পাওয়ার আশা করছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, "আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবো না। আমি আশা করছি নেত্রী এ বিষয়ে পুনঃবিবেচনা করবেন এবং আমাকে মনোনয়ন দেবেন।" কুমিল্লা-৩ আসনের মুরাদনগর থানার হারুনের সমর্থকরা ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। স্ব^তন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবেন কি-না, জানতে চাইলে ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, "আমি নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে বলতে চাই- আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়বো না। তিনি বলেন, "আমি নেত্রীর সিদ্ধান্ত মেনে নেব। নেত্রী যাকে মনোনয়ন দেবেন আমি তার পক্ষে কাজ করব।" সংবাদ সম্মেলন আয়োজনের কারণ জানতে চাইলে তিনি বলেন, "আমরা অতীতে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে পারিনি। তাই এ সংবাদ সম্মেলনে আমাদের নিজেদের অবস্থান তুলে ধরছি।" সংবাদ সম্মেলনে মুরাদনগর থানা আওয়ামী লীগের সভাপতি হারুন আল রশিদ লিখিত বক্তব্যে মনোনয়ন পাওয়া কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেন। হারুন আল রশিদ বলেন, " জাহাঙ্গীর আলম সরকার গত ৮ নভেম্বর দলের বর্ধিত সভা হতে দেননি। তার সন্ত্রাসীদের হামলায় সভা পণ্ড হয়ে যায়।" বিষয়টি কেন্দ্রে জানানো হলেও কেন্দ্র থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। উল্টো জাহাঙ্গীর আলমকেই মনোনয়ন দেওয়া হয়েছে। হারুন আল রশিদ বলেন, এতে মুরাদনগর থানার আওয়ামী লীগ সমর্থকরা হতাশ ও ক্ষুব্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এসকে/১৮২৯ঘ.