২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার পথ খোলা এখনও: দেলোয়ার

আসন্ন নির্বাচনে চারদলীয় জোটের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আলোচনার পথ এখনও খোলা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে চারদলীয় জোটের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আলোচনার পথ এখনও খোলা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, "আমরা তো মনে করি, আলোচনার পথ এখনও খোলা আছে। আমরা নির্বাচনে যেতে চাই। বিএনপিসহ চার দলকে নির্বাচনে নেওয়ার সুযোগ এখনও আছে।" খোন্দকার দেলোয়ার জানান, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় চার দলের বৈঠকের পর নির্বাচনের বিষয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করবেন। বিএনপি মহাসচিব বলেন, "নির্বাচনে যেতে আমরা যুক্তিযুক্ত সময় চাই। আমাদের নির্বাচনের প্রস্তুতির সময় তো দিতে হবে। এখানে ২৮ ডিসেম্বর কিংবা জানুয়ারি মাস কোনও বিষয় নয়।" সরকারের পক্ষ থেকে বুধবার জানানো হয়, দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হওয়ায় ১৮ ডিসেম্বরই সংসদ নির্বাচন হবে। বিএনপি নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করে ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবি জানিয়ে আসছে। তবে অপর প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ চায়, ডিসেম্বরেই নির্বাচন হোক। নির্বাচনের বিষয়ে মঙ্গলবার সরকারের পাঁচ উপদেষ্টা খালেদা জিয়া এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি বলে সরকারের বক্তব্যে স্পষ্ট হয়। অবশ্য নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে বৃহস্পতিবার তফসিলে দ্বিতীয় দফা পরিবর্তন এনেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নতুন করে নির্ধারিত হয়েছে ২৩ নভেম্বর। খোন্দকার দেলোয়ার বলেন, "মনোনয়নপত্র দাখিলের সময়সূচি একাধিকবার পরিবর্তন করা গেলে ভোট গ্রহণের তারিখ কেন পেছানো যাবে না?" "আমরা নির্বাচনের যেতে চাই। জরুরী অবস্থা তুলে নিয়ে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের চাওয়া।" তারিখ পেছানোর দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, "নির্বাচন করতে হলে আমাদের তো প্রস্তুতির সময় নিতে হবে। জরুরি অবস্থা এখনও প্রত্যাহার হয়নি। সরকার বলুক, জরুরি অবস্থা কবে প্রত্যাহার করবে।" বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে নিরজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খোন্দকার দেলোয়ার। সকালে নিজের বাসায় এবং দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৪৪তম জন্মবার্ষিকীর কেক কাটেন দেলোয়ার। এর আগে বুধবার রাত ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার উপস্থিতিতে তারেকের জন্মদিনের কেক কাটা হয়। তারেক বর্তমানে সপরিবারে যুক্তরাজ্যে আছেন। সেখানে তার চিকিৎসা চলছে। তারেক রহমানের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। জামিনে মুক্তির পর গত ১১ সেপ্টেম্বর তিনি লন্ডন যান। বিএনপির যুগ্মমহাসচিব তারেক বিদেশ যাওয়ার আগে দলীয় পদ থেকে ইস্তফা দেন বলে বিএনপি নেতারা জানান। তারেকের ছোট ভাই আরাফাত রহমান সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৪ ঘ.