ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আওয়ামী লীগ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূতকে জানিয়েছেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে ফরাসী রাষ্ট্রদূত শার্ল কসেরের সঙ্গে বৈঠক শেষে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির সাংবাদিকদের একথা জানান। বৈঠকে হাসিনার সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন।
মোহাম্মদ জমির বলেন, "নেত্রী (শেখ হাসিনা) বলেছেন, আমরা সবার অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে নির্বাচন চাই। তিনি আরো বলেছেন, জনগণ চায়, সারাদেশ চায়, সেজন্য ১৮ ডিসেম্বরই নির্বাচন হোক।"
এর আগে বৈঠক থেকে বেরিয়ে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, "যত তাড়াতাড়ি নির্বাচন হয় গণতন্ত্রের জন্য ততই ভালো। সব দলের অংশগ্রহণের একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়াই ভালো।"
বৈঠকে উপস্থিত শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ফরাসী রাষ্ট্রদূতের সঙ্গে শেখ হাসিনার আলোচনা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/১২৩৪ ঘ.
bdnews24