২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ তারিখে নির্বাচনের ঘোষণা অগ্রহণযোগ্য: চারদল

বিএনপির নেতৃত্বধীন চারদলীয় জোট বলেছে, আগের তারিখ ১৮ ডিসেম্বরেই সংসদ নির্বাচনের সরকারী ঘোষণা 'পক্ষপাতমূলক, হঠকারি ও অগ্রহণযোগ্য'। তারা আরও বলেছে, এ ঘোষণা সব দলের অংশগ্রহণে নির্বাচনে যাওয়ার পথ রুদ্ধ করেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নেতৃত্বধীন চারদলীয় জোট বলেছে, আগের তারিখ ১৮ ডিসেম্বরেই সংসদ নির্বাচনের সরকারী ঘোষণা 'পক্ষপাতমূলক, হঠকারি ও অগ্রহণযোগ্য'। তারা আরও বলেছে, এ ঘোষণা সব দলের অংশগ্রহণে নির্বাচনে যাওয়ার পথ রুদ্ধ করেছে। (আরও তথ্যসহ) খালেদা জিয়ার সভাপতিত্বে বুধবার রাতে চারদলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, "বাণিজ্য উপদেষ্টার বুধবার রাতের ঘোষণা সব দলের অংশগ্রহণে নির্বাচনে যাওয়ার পথ রুদ্ধ করেছে। আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই তিনি ওই ঘোষণা দিয়েছেন।" সরকারের পাঁচ উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে উভয় দলের মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টায় মঙ্গলবার রাতে ঝটিকা বৈঠক করেন। এখন ১৮ ডিসেম্বরের নির্বাচনে চারদল অংশ নেবে কিনা- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে দেলোয়ার বলেন, "আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আজ (বুধবার) চারদল প্রাথমিক প্রতিক্রিয়া দিল। আগামীকাল জোটের বৈঠক করে বিস্তারিত বলব।" তিনি দৃশ্যত গত কয়েকদিনের অবস্থানেরই পুনরাবৃত্তি করে বলেন, "জরুরি অবস্থার মধ্যে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ওই ধরনের পাতানো নির্বাচনে চারদল যাবে না। জনগণের কাছেও তা গ্রহণযোগ্য হবে না।" নির্বাচন নিয়ে বিএনপি ও জোটের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, "আমরা নির্বাচনে যেতে চাই। এখনো সময় আছে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের কার্যকর উদ্যোগ নেওয়ার।" সরকার চারদলকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে- অভিযোগ করেন তিনি। সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের নেতা আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমানসহ চারদলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। সংসদ ও উপজেলা নির্বাচন নিয়ে সরকারের ঘোষণার পর বুধবার রাত ৮টার দিকে গুলশানে নিজ কার্যালয়ে চারদলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। প্রায় সোয়া একঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মখোমুখি হন বিএনপি চেয়ারপারসন। এর আগে সেনানিবাসের বাসায় বিএনপি ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনের তফসিল পুনর্র্নিধারণের দাবি জানিয়েছিল। নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে চারটি শর্ত দিয়ে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় চারদলীয় জোট। বুধবার রাতে ওই সময় সীমা অতিক্রান্ত হওয়ার আগে সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সেনানিবাসের বাসায় বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নির্বাচনের বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থানের ঘোষণা আসে। এরপরই গুলশানের কার্যালয়ে জোটের নেতাদের নিয়ে আবার বৈঠকে বসেন খালেদা। বৈঠকে উপস্থিত ছিলেন, জামায়াত আমির মতিউর রহমান নিজামী, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের নেতা আব্দুল লতিফ নেজামী, মো. ইসহাক এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান। এর আগে সন্ধ্যায় খালেদা জিয়ার বাসায় সন্ধ্যা পৌনে ৬টা থেকে ৭টা পর্যন্ত বৈঠকে অংশ নেন মতিউর রহমান নিজামী, খোন্দকার দেলোয়ার, ড. খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। সরকারের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, বড় দুই জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় আগামী ১৮ ডিসেম্বর সংসদ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ঠিক থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসএনডি/এসকে/২২২৭ ঘ.