ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন ঘোষিত আগের তারিখ অনুযায়ীই জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাণিজ্য উপদেষ্টা সরকারের পক্ষে এক আনুষ্ঠানিক ঘোষণায় বলেছেন, বড় দুই জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় আগামী ১৮ ডিসেম্বর সংসদ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ঠিক থাকছে।
বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ তথ্য জানান।
মঙ্গলবার রাতে দুই প্রধান দলের কাছে সংসদীয় নির্বাচন ১০ দিন পর পুনর্র্নিধারণ করে ২৮ ডিসেম্বর এবং উপজেলা নির্বাচন ২০০৯ এর ৮ জানুয়ারি অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়েছিল।
উপদেষ্টার পড়ে শোনানো লিখিত বিবৃতিতে বলা হয়, "নানামুখী যোগাযোগ ও ঐকান্তিক এবং সর্বাত্মক প্রচেষ্টার পরও নির্বাচন কমিশন ও সরকারের উত্থাপিত প্রস্তাবনার বিষয়ে দুই রাজনৈতিক জোটের ঐকমত্য না হওয়ায় সংসদীয় ও উপজেলা নির্বাচন পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে। সরকার ও নির্বাচন কমিশনের ঐকান্তিক ইচ্ছা থাকবে জাতির বৃহত্তর স্বার্থ ও টেকসই গণতান্ত্রিক চর্চার খাতিরে সব দল ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে।"
বিএনপি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন দুই জোটের কাছে সরকারের দেওয়া প্রস্তাব সম্পর্কে উপদেষ্টা বলেন, "শেষ লগ্নে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিটি উত্থাপিত হওয়ার পরও জাতির বৃহত্তর স্বার্থ, ঐক্য ও সুদূরপ্রসারী কল্যাণের কথা বিবেচনায় রেখে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক জোট দুটির বিবেচনার জন্য চারটি প্রস্তাব দেওয়া হয়। এগুলো হলো- সংসদীয় নির্বাচন ১০ দিন পর পুনর্র্নিধারণ করে ২৮ ডিসেম্বর অনুষ্ঠান, সংসদীয় নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এনে যৌক্তিক সময়ে জরুরি আইন সম্পূর্ণভাবে তুলে নেওয়া, উপজেলা নির্বাচন ২০০৯ এর ৮ জানুয়ারি অনুষ্ঠান এবং আরপিও ৯১ (ই) ধারার প্রয়োগে সর্বোচ্চ সতর্কতা ও প্রক্রিয়াগত স্বচ্ছতার নিশ্চয়তা বিধান।"
বাণিজ্য উপদেষ্টা জানান, সরকার আগে উল্লেখিত সময়সীমার প্রতি প্রতিশ্র"তি বজায় রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল।
নির্বাচনের তারিখ অপরিবর্তিত থাকলেও জাতির বৃহত্তর স্বার্থ ও টেকসই গণতান্ত্রিক চর্চার খাতিরে সব দল তাতে অংশ নেবে বলে সরকার ও নির্বাচন কমিশনের প্রত্যাশার কথা জানান বাণিজ্য উপদেষ্টা।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বিকেলে সাংবাদিকদের জানান, রাজনৈতিক সমঝোতা হলে ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন করা যাবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার পুনঃতফসিল ঘোষণা করা হবে।
সরকারের কাছে নির্বাচন কমিশন এ বিষয়ে প্রস্তাব দিয়েছে বলেও জানান সিইসি।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সব দলের মধ্যে সমঝোতা হলে উপজেলা নির্বাচনও পেছানো হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার ৪৮ ঘণ্টার মধ্যে চার দফা মেনে নেওয়ার শর্তে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।
চারদফার মধ্যে একটি শর্ত ছিল তফসিল পুনর্র্র্র্র্র্র্র্র্নিধারণ।
খালেদা জিয়ার ঘোষণার একদিন পর মঙ্গলবার রাতে সরকারের পাঁচ উপদেষ্টা খালেদা ও হাসিনাসহ দুইপ্রধান দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/জিএমএ/এমএ/এসএনডি/এসকে/২১০৬ঘ.
bdnews24