ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক শেষ করেছেন সরকারের পাঁচ উপদেষ্টা। উপদেষ্টারা খালেদার সঙ্গে বৈঠক 'ফলপ্রসূ' দাবি করলেও হাসিনার সঙ্গে আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
রাত পৌনে ১১ টার দিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট নেতাদের সঙ্গে উপদেষ্টাদের প্রায় একঘণ্টাব্যাপী বৈঠকটি শেষ হয়।
বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল রাত পৌনে ১০টার দিকে শেখ হাসিনার বাসভবন ধানমণ্ডির সুধাসদনে যান।
বৈঠক শেষে হোসেন জিল্লুর সাংবাদিকদের বলেন, "নির্বাচনের দিকে সুষ্ঠু উত্তরণের বিষয় নিয়ে আমরা শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছি।"
এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি।
পরে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয় সেজন্য সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।"
বৈঠকে শেখ হাসিনার সঙ্গে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া জোট শরিকদের মধ্যে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এর আগে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর তা 'ফলপ্রসূ' বলে সাংবাদিকদের জানান বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও তখন বৈঠকের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তারা নির্বাচনে যেতে 'খুবই আগ্রহী'। এ নিয়ে সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সামনে দু'পক্ষের আরও আলোচনা হবে।
নির্বাচনে যাওয়ার শর্ত হিসেবে সোমবার রাতে খালেদা জিয়া চারটি শর্ত দিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।
সরকারের পাঁচ উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর উপদেষ্টা হোসেন জিল্লুর সাংবাদিকদের বলেন, "বিএনপি চেয়ারপার্সন গত সোমবার ইতিবাচক একটি বিবৃতি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাদের কিছু দাবি-দাওয়া নিয়ে আমরা আজ কথা বলেছি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সামনে আরও আলোচনা হবে।"
এর পরপরই পাঁচ উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালকে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ধানমণ্ডির সুধাসদন রওনা হন।
খালেদার ঘোষিত দফা চারটি হলো জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন একমাস পেছানো, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১ (ই) সহ কয়েকটি ধারা স্থগিত ও 'হজ যাত্রীদের ভোটের সুযোগ দিতে' সংসদ নির্বাচনের তফসিল পেছানো।
এতদিন সাত দফা দাবি করে এলেও খালেদা জিয়া সোমবার বলেন কিছুটা ছাড় দিয়ে তারা ৪ দফায় নেমে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এসএনডি/এসকে/২৩১৮ঘ.
bdnews24