ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃণমূল পর্যায় থেকে সংসদ নির্বাচনের জন্য বাছাই করে দেওয়া প্রার্থীদের দলীয় মনোনয়ন না দেওয়ায় বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ অব্যাহত আছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া-২ (শেরপুর-ধুনট) আসনে পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে শেরপুর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। নরসিংদীতে দলের জেলা কার্যালয়ে তালা দিয়েছে নেতা-কর্মীরা। নড়াইল ও পাবনায় দলের মনোনীত প্রার্থীকে ঘোষণা করা হয়েছে অবাঞ্ছিত। পটুয়াখালীর গলাচিপায় নয়শ' নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন।
এছাড়া কয়েকটি জেলায় একই ধরনের দাবিতে স্থানীয নেতা-কর্মীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অনশন কর্মসূচি পালন করেছে। অগ্নিসংযোগসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
গত সোমবার থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত করে আওয়ামী লীগ সভানেত্রী স্বাক্ষরিত সম্ভাব্য প্রার্থীদের চিঠি দেওয়া শুরু হয়েছে। ওই দিন চিঠি পেয়েছিলেন ১৫৫ জন। তৃণমূল থেকে বাছাই করে দেওয়া প্রার্থীরা মনোনয়নের চিঠি না পাওয়ায় বিভিন্ন স্থানে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেছে নেতা-কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির পাঠানো খবর-
বগুড়া: বগুড়া-২(শিবগঞ্জ) আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নাকে মনোনয়ন না দিয়ে আকরাম হোসেনকে দেওয়ায় সকাল সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ কার্যালয়ে প্রতীক অনশন কর্মসূচি করেছে স্থানীয় নেতা-কর্মীরা।
জেলা কমিটি সদস্য তৌহিদুর রহমান মানিক জানান, মান্নার মনোনয়নের জন্য প্রয়োজনে আত্মাহুতি কর্মসূচি পালন করা হবে।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মওলার মনোনয়ন বাতিল করে আনসার আলী মৃধাকে দেওয়ার দাবিতে দলের দুপচাঁচিয়া কার্যালয়ে নেতাকর্মীরা জরুরি সভা করেছেন।
দুপচাঁচিয়া থানা সভাপতি মিজানুর রহমান সেলিম বলেন, "তৃণমূল নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে মনোনয়ন পুনর্বিবেচনা করে আনসার আলী মৃধাকে দলের প্রার্থী করার দাবি জানাচ্ছি আমরা।"
বগুড়ার-৫ (শেরপুর-ধুনট) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়।
থানা সভাপতি গৌর দাস রায় চৌধুরী জানান, সাবেক পুলিশ সুপার হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করে তৃণমূল নেতাদের মতামত অনুযায়ী জেলা সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুকে মনোনয়ন দেওয়া হোক। বিক্ষুব্ধরা মজনুর মনোনয়নের দাবিতে পার্টি কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পটুয়াখালী: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে না দিয়ে গোলাম মাওলা রনিকে মনোনয়ন দেওয়ায় দলের নয়শ নেতাকর্মী পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গলাচিপা উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ জানান, মঙ্গলবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ৯শ নেতাকর্মী পদত্যাগ পত্র জমা দেন। তারা প্রার্থীতা পরিবর্তনের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন।
নেত্রকোনা: নেত্রকোনা-৪ (মদন মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে তৃণমূল নেতাকর্মীদের মনোনীত প্রার্থীদের মনোনয়ন না দেওয়ায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে ।
এ আসনে সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আব্দুল মমিনের স্ত্রী রেবেকা মমিনকে মনোনয়ন দেওয়া হয়। এতে তৃণমূল নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
তিন উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনে রেবেকা মমিনের মনোয়নের বিরোধীতা করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন- রেবেকা মমিন মাঠপর্যায়ে পরিচিত নন।
মদন উপজেলায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম, মোহনগঞ্জে উপজেলা সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান এবং খালিয়াজুরিতে উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রয়াত নেতা সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন মনোনয়ন না পাওয়ায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় কার্যালয়ে জড়ো হয়ে দলের জগন্নাথপুর উপজেলা নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা এ আসনে সাবেক যুগ্ন সচিব এমএ মান্নানের পরিবর্তে ডনকে মনোনয়ন দেওয়া দাবি জানিয়েছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলদিপুর ইউপি চেয়ারম্যান হারুন মিয়া এবং কলকলি ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিম জানান, তারা দলের সভানেত্রীকে মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন।
নরসিংদী: দলের মনোনয়ন নিয়ে ক্ষুদ্ধ কর্মীরা মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে।
নরসিংদী-১ (সদর) আসনে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক সচিব মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে নরসিংদী শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।
এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে বিক্ষুদ্ধ কর্মীরা জেলা কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং মোহাম্মদ আলীর পক্ষে সে
bdnews24